পুবের কলম ওয়েব ডেস্ক: কালীপুজোয় শব্দবাজি রুখতে কলকাতা পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি জানান, শব্দবাজি নিয়ন্ত্রণে যথেষ্ট তৎপর ছিল পুলিশ। এমনকী তিনি নিজেও পুলিশের সঙ্গে রাত তিনটে পর্যন্ত রাস্তায় ঘুরে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন। কিছু জায়গায় নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও বাজি ফাটানোর অভিযোগ সম্পর্কে তাঁর বক্তব্য, “সব বাড়ির সামনে তো আর পুলিশ দাঁড় করিয়ে রাখা সম্ভব নয়।”
শহরের বায়ুদূষণ কমাতে অভিনব ভাবনার কথাও জানিয়েছেন পুরমন্ত্রী।
দূষণ কমাতে বৃক্ষরোপণের উপরেও বিশেষ জোর দিয়েছেন অগ্নিমিত্রা। তাঁর মতে, দূষণ নিয়ন্ত্রণে গাছের কোনও বিকল্প নেই। এই উদ্দেশ্যে স্কুলগুলিতে বৃক্ষরোপণ কর্মসূচি পালনের পরামর্শ দিয়েছেন তিনি। সম্প্রতি এই বিষয়ে স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মনকে একটি চিঠিও পাঠিয়েছেন অগ্নিমিত্রা পাল। চিঠিতে তিনি প্রস্তাব দিয়েছেন, প্রত্যেক পড়ুয়া যদি নিজেদের জন্মদিনে স্কুল চত্বরে দুটি করে গাছ লাগায় এবং সারাবছর তার যত্ন নেয়, তবে প্রচুর গাছ লাগানো সম্ভব হবে।
দূষণ রুখতে সাধারণ মানুষের সচেতনতার উপরই সবথেকে বেশি জোর দিয়েছেন পুরমন্ত্রী। তিনি জানান, বিগত সরকারগুলির আমলেও দূষণ পুরোপুরি নিয়ন্ত্রণে ছিল না, বরং এবারে তা অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে এবং বাজি ফাটানোর ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। পুলিশের ভূমিকার প্রশংসা করে তিনি আরও জানান, বর্তমান সরকার পুলিশে প্রচুর নিয়োগ করেছে। তবে পুলিশের একার পক্ষে সব নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, এর জন্য সাধারণ মানুষকেও নিজেদের দায়িত্ব সম্পর্কে আরও বেশি সচেতন হতে হবে।