পুবের কলম ওয়েব ডেস্ক: শীতের শুরুতেই মারাত্মক দূষণের কবলে পড়েছে রাজধানী দিল্লি-সহ উত্তর ভারতের একাধিক রাজ্য। এর সঙ্গে দোসর হয়েছে দীপাবলির লাগামছাড়া আতশবাজির ধোঁয়া। মঙ্গলবার প্রকাশিত বিশ্বের সর্বাধিক দূষিত ৫০টি শহরের তালিকায় ৪৯টিই ভারতের। এই চরম পরিস্থিতি নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট।
দূষণ মোকাবিলায় কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, তা জানতে চেয়ে দিল্লি, উত্তরপ্রদেশ, রাজস্থান এবং হরিয়ানা সরকারকে নোটিস পাঠিয়েছে শীর্ষ আদালত। প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ দু’সপ্তাহের মধ্যে এই বিষয়ে রাজ্যগুলির কাছে রিপোর্ট তলব করেছে।রাজ্য সরকারগুলির পাশাপাশি দূষণ মোকাবিলায় দিল্লি পৌরনিগম এবং দিল্লি পুলিশের ভূমিকা নিয়েও হলফনামা চেয়ে পাঠিয়েছে সর্বোচ্চ আদালত। মঙ্গলবার প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং ভি মোহনার বেঞ্চে এই মামলার শুনানি হয়। সেখানে পুরনো মেয়াদ উত্তীর্ণ গাড়ির দূষণের বিষয়টি বিশেষভাবে উঠে আসে। ভিনরাজ্যের বাণিজ্যিক গাড়ি দিল্লিতে ঢোকার ক্ষেত্রে কোনও নিয়ন্ত্রণ বা নির্দেশিকা রয়েছে কি না, সে বিষয়েও আদালত বিস্তারিত জানতে চেয়েছে।
সম্প্রতি দীপাবলির সময় দিল্লির বাতাসে পিএম ২.৫-এর মাত্রা জাতীয় মানদণ্ডের চেয়ে প্রায় ৬০ গুণ বেড়ে গিয়েছিল। আতশবাজির পাশাপাশি গাড়ির নির্গত ধোঁয়াও এর অন্যতম কারণ বলে মনে করা হয়। এই বিষয়টি নিয়েও শুনানিতে উদ্বেগ প্রকাশ করে তিন বিচারপতির বেঞ্চ।
এতদিন দিল্লির দূষণের জন্য পড়শি রাজ্যগুলিতে শস্যের গোড়া পোড়ানোকেই অন্যতম প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হত। সম্প্রতি দিল্লির মন্ত্রী কপিল মিশ্র আপশাসিত পাঞ্জাবকে এই বিষয়ে দায়ীও করেছেন। তবে এদিন আদালতে জমা পড়া রিপোর্টের ভিত্তিতে সুপ্রিম কোর্ট জানিয়েছে, দিল্লি, উত্তরপ্রদেশ, হরিয়ানা এবং রাজস্থানে শস্যের গোড়া পোড়ানোর ঘটনা উল্লেখযোগ্যভাবে কমেছে। শীর্ষ আদালত এর প্রশংসাও করেছে। মামলার পরবর্তী শুনানি আগামী ২৩ নভেম্বর।