উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় : ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসের গ্রেপ্তারির পর তদন্তে নয়া মোড়। বিধায়কের কাছ থেকে নগদ ২ লক্ষ টাকা ও ছ’টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। শুধু তাই নয়, কলকাতা বিমানবন্দর থেকেই এক সিভিক ভলান্টিয়ারকেও আটক করেছেন তদন্তকারীরা। ওই সিভিক ভলান্টিয়ার পুলিশের গোপন তথ্য বিধায়কের কাছে পাচার করতেন বলে অভিযোগ উঠেছে। তিনি পুলিশের ইন্টেলিজেন্স ব্রাঞ্চে কর্মরত ছিলেন বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, ওই সিভিক ভলান্টিয়ারের কর্মস্থল ছিল ক্যানিং। পুলিশের গতিবিধি এবং তদন্ত সংক্রান্ত তথ্য তিনি আগাম পরেশরাম দাসকে জানাতেন কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। বিধায়কের সঙ্গে তাঁর যোগাযোগের সূত্র কী, সেই বিষয়টিও জানতে দু’জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গিয়েছে।উল্লেখ্য, সোমবার বিকেলে মুম্বই যাওয়ার উদ্দেশ্যে কলকাতা বিমানবন্দরে পৌঁছেছিলেন ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাস। সেই সময়ই বারুইপুর জেলা পুলিশের বিশেষ দল তাঁকে আটক করে। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারির সময় তাঁর সঙ্গে থাকা জিনিসপত্রে তল্লাশি চালিয়ে নগদ ২ লক্ষ টাকা এবং ছ’টি মোবাইল ফোন উদ্ধার করেন তদন্তকারীরা। ইতিমধ্যেই সেগুলি বাজেয়াপ্ত করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবরএকসঙ্গে ছ’টি মোবাইল ফোন এবং বিপুল পরিমাণ নগদ টাকা বিধায়কের কাছে থাকার বিষয়টি তদন্তে বিশেষ গুরুত্ব পাচ্ছে। উদ্ধার হওয়া মোবাইল গুলির কল রেকর্ড, যোগাযোগের তালিকা এবং অন্যান্য ডিজিটাল তথ্য খতিয়ে দেখবেন তদন্তকারীরা। কার কার সঙ্গে তিনি যোগাযোগ রাখতেন এবং সেই যোগাযোগের সঙ্গে মামলার কোনও যোগ রয়েছে কি না, তা জানার চেষ্টা চলছে। পাশাপাশি উদ্ধার হওয়া ২ লক্ষ টাকা কোথা থেকে এল, তার উৎসও খতিয়ে দেখা হচ্ছে।পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ধর্ষণ, তোলাবাজি, প্রতারণা ও অপরাধমূলক ষড়যন্ত্র-সহ একাধিক অভিযোগে পরেশরাম দাসের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। গত ১৭ দিন ধরে তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। অবশেষে কলকাতা বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এবার বিধায়কের কাছ থেকে উদ্ধার হওয়া টাকা, মোবাইল ফোন এবং সিভিক ভলান্টিয়ারের সঙ্গে তাঁর কথিত যোগাযোগের সূত্র ধরে তদন্ত কোন দিকে এগোয়, সেদিকেই নজর রয়েছে।