পুবের কলম, নয়াদিল্লি: ভারতের গুরদ্বারাগুলিতে হামলার অভিযোগ তুলে মার্কিন কমিশনের দুই শীর্ষ আধিকারিকের করা মন্তব্যের তীব্র প্রতিবাদ জানাল ভারত। মঙ্গলবার বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশন একটি 'পক্ষপাতদুষ্ট' এবং 'রাজনৈতিক অভিসন্ধিমূলক' সংস্থা। একইসঙ্গে মার্কিন মুলুকে ভারতীয়দের ওপর হওয়া জাতিগত হামলা এবং উপাসনালয়ে ভাঙচুরের ঘটনায় এই সংস্থার দীর্ঘ নীরবতা নিয়েও তীব্র প্রশ্ন তুলেছে নয়াদিল্লি। বিদেশ মন্ত্রকের সরকারি মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, পূর্বপরিকল্পিত ও পক্ষপাতমূলক এজেন্ডা নিয়ে চলা এই ধরনের সংস্থাকে গুরুত্ব দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না।

গত সপ্তাহে আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশনের দুই শীর্ষ আধিকারিক ভারতে গুরদ্বারাগুলির ওপর ‘হামলা’ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং আমেরিকার উচিত নডাদিল্লির ওপর চাপ সৃষ্টি করা যাতে দোষীদের শাস্তি দেওয়া হয়।

কমিশনার ডেভিড অ্যান্ডারসন সোশ্যাল মিডিয়ায় দাবি করেছিলেন, "গত কয়েক সপ্তাহ ধরে ভারতের বিভিন্ন গুরদ্বারা ও ধর্মীয় নেতাদের ওপর নজরদারি হামলা চালানো হচ্ছে।" তিনি আরও বলেন, ধর্মীয় স্বাধীনতার অধিকার রক্ষায় ভারত সরকারের পদক্ষেপের ওপর মার্কিন সাহায্য নির্ভর করা উচিত। এছাড়া আরেক কমিশনার জো গ্রোগানও ভারতে মসজিদ, গির্জা ও গুরদ্বারার মতো উপাসনালয়গুলিতে হামলার অভিযোগ তুলে একই সুর গেয়েছিলেন।

মার্কিন কমিশনের এই দ্বিমুখী নীতির তীব্র সমালোচনা করে রণধীর জয়সওয়াল বলেন, "সবচেয়ে লক্ষণীয় বিষয় হলো, মার্কিন কমিশনের কমিশনাররা আমেরিকার মাটিতে উপাসনালয়গুলিতে আক্রমণ এবং ভারতীয় সম্প্রদায়ের ওপর সংঘটিত ঘৃণা ছড়ানো অপরাধ ও জাতিগত অপব্যবহারের বিরুদ্ধে সবসময় নীরব থেকেছেন। একটি কুসংস্কারাচ্ছন্ন ও পক্ষপাতদুষ্ট সংস্থাকে কোনোভাবেই গুরুত্ব দেওয়া যায় না।"