পুবের কলম, লখনউ: উত্তরপ্রদেশের ফিরোজাবাদে এক ১৬ বছরের দলিত কিশোরীকে গণধর্ষণ ও অমানুষিক নির্যাতনের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। গত ১ নভেম্বর গণধর্ষণের শিকার হয়ে প্রায় এক সপ্তাহ ধরে আগ্রার একটি হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করার পর শুক্রবার কিশোরীর মৃত্যু হয়। এই মর্মান্তিক ঘটনার পর খুনের ধারা যুক্ত করে তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যে তিন অভিযুক্তকেই গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গুরুতর জখম অবস্থায় ওই কিশোরীকে একটি ক্ষেত থেকে অর্ধচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছিল।

ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, তাঁর ওপর যৌন নির্যাতন চালানো ছাড়াও তাঁর গলা ভেঙে দেওয়া হয়েছিল, চোয়াল থেঁতলে দেওয়া হয়েছিল এবং শরীরের বিভিন্ন হাড়ে গুরুতর আঘাতের চিহ্ন মিলেছিল। ভেন্টিলেটর সাপোর্টে থাকায় মৃত্যুর আগে তিনি জবানবন্দিও দিয়ে যেতে পারেননি।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযুক্ত তিন যুবকের বয়স যথাক্রমে ২০, ২১ এবং ২৮ বছর এবং তারা সকলেই একই এলাকার বাসিন্দা। তাদের মধ্যে একজন বেশ কিছুদিন ধরে মেয়েটিকে চিনত এবং সেই পরিচয়ের সুযোগ নিয়েই তাঁকে একটি ফাঁকা ক্ষেতে ডেকে পাঠায়। কিশোরীটি তাদের কুপ্রস্তাবে বাধা দিলে তিনজনে মিলে তাঁকে গলা টিপে ধরে এবং লাঠিসোঁটা বা ভারী কিছু দিয়ে তাঁর চোয়াল ও হাত-পায়ের হাড় গুঁড়িয়ে দেয়।

কিশোরীটি মারা গেছে ভেবে তারা তাঁকে ঘটনাস্থলেই ফেলে চম্পট দেয়। খবর পেয়ে পুলিশ তৎপরতা শুরু করে এবং ঘটনার রাতেই পুলিশের সঙ্গে গুলি বিনিময়ের পর দু’জনকে গ্রেফতার করে। পরবর্তী সময়ে তৃতীয় অভিযুক্তকেও পাকড়াও করা হয়।

ফিরোজাবাদের এসএসপি আদিত্য লঙ্গেশ জানিয়েছেন, অভিযুক্তদের বিরুদ্ধে গ্যাংস্টার আইনেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং তাদের অবৈধ সম্পত্তি চিহ্নিত করে বাজেয়াপ্ত করার প্রক্রিয়াও খতিয়ে দেখা হচ্ছে। অতিরিক্ত পুলিশ সুপার জয়বিন্দ গুপ্ত ব্যক্তিগতভাবে পুরো তদন্তের তদারকি করছেন।