বাইপাস অস্ত্রোপচারের পর মস্তিষ্কে স্ট্রোক। এরপর একের পর এক শারীরিক জটিলতা। নিউমোনিয়া, মূত্রনালিতে সংক্রমণ, সেপটিক শক—সব মিলিয়ে ক্রমশ অবনতি হয়েছে শারীরিক অবস্থার। বর্তমানে একাধিক অঙ্গের কার্যক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। সম্পূর্ণ ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন নদিয়ার প্রবীণ তৃণমূল নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস (৭২)। কিডনির কার্যক্ষমতা কমে যাওয়ায় চলছে ডায়ালিসিসও। কলকাতার মুকুন্দপুরের ফর্টিস হাসপাতালে চিকিৎসাধীন প্রাক্তন মন্ত্রীর অবস্থা অত্যন্ত সংকটজনক। মঙ্গলবার হাসপাতালের মেডিক্যাল রিপোর্টে এমনটাই জানিয়েছেন চিকিৎসকরা। তাঁদের আশঙ্কা, সামগ্রিকভাবে সুস্থ হয়ে ওঠার সম্ভাবনাও অত্যন্ত কম।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গত ২৪ সেপ্টেম্বর অন্য একটি হাসপাতালে তাঁর বাইপাস অস্ত্রোপচার হয়েছিল। হৃদযন্ত্রের তিনটি রক্তনালিতে ব্লকেজ থাকায় অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু অস্ত্রোপচারের পর হৃদযন্ত্র থেকে তৈরি হওয়া রক্তজমাট মস্তিষ্কে পৌঁছনোয় স্ট্রোক হয় তাঁর। এরপর থেকেই শুরু হয় একের পর এক শারীরিক জটিলতা।

গত ১৮ অক্টোবর নিউমোনিয়া ও মূত্রনালির সংক্রমণ নিয়ে তাঁকে মুকুন্দপুরের ফর্টিস হাসপাতালে ভর্তি করা হয়। পরে সংক্রমণ গুরুতর আকার ধারণ করে। দেখা দেয় সেপটিক শক এবং একাধিক অঙ্গের কার্যক্ষমতা বিকল হওয়ার পরিস্থিতি। বিশেষ করে কিডনির কার্যক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় বর্তমানে হেমোডায়ালিসিসের সাহায্য নিতে হচ্ছে তাঁকে।

চিকিৎসকদের মেডিক্যাল রিপোর্ট অনুযায়ী, বর্তমানে মেকানিক্যাল ভেন্টিলেশনে রাখা হয়েছে উজ্জ্বল বিশ্বাসকে।

শ্বাসপ্রশ্বাসের সুবিধার্থে গলায় ট্র্যাকিওস্টমি করা হয়েছে। একাধিক বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত ক্রিটিক্যাল কেয়ার টিমের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি। তবে চিকিৎসকদের বক্তব্য, তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক এবং সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা খুবই কম।

জানা গিয়েছে, গত কয়েক মাস ধরেই অসুস্থ ছিলেন প্রাক্তন মন্ত্রী। হৃদযন্ত্রের সমস্যার কারণে বাইপাস অস্ত্রোপচারের পর প্রায় ১৪ দিন হাসপাতালে থাকতে হয়েছিল তাঁকে। পরে বাড়ি ফিরে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চিকিৎসা চলছিল। কিন্তু দুর্গাপুজোর পঞ্চমীর দিন ফের অসুস্থ হয়ে পড়েন তিনি। সপ্তমীর দিন তাঁকে কলকাতার হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষায় নিউমোনিয়া ধরা পড়ে।

এরপর ধীরে ধীরে ফুসফুসের কার্যক্ষমতা কমতে থাকে এবং শরীরের অন্যান্য অঙ্গেও জটিলতা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গলায় ট্র্যাকিওস্টমি করে শ্বাসপ্রশ্বাসের বিশেষ ব্যবস্থা করেন চিকিৎসকরা।

এদিকে, উজ্জ্বল বিশ্বাসের শারীরিক অবস্থা নিয়ে সমাজমাধ্যমে উদ্বেগ প্রকাশ করেছেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। প্রাক্তন মন্ত্রীর অসুস্থতার সঙ্গে সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাবলির যোগ রয়েছে বলেও দাবি করেছেন তিনি। কুণালের অভিযোগ, ভোটের ফল প্রকাশের পর উজ্জ্বল বিশ্বাসকে অপমান করা হয়েছিল। সেই মানসিক ও শারীরিক ধাক্কা তিনি সামলাতে পারেননি। যাঁরা তাঁকে নিগ্রহ করেছিলেন, তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন তৃণমূল বিধায়ক।

উজ্জ্বল বিশ্বাসের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে আপাতত সংকটজনক অবস্থাতেই রয়েছেন নদিয়ার এই প্রবীণ তৃণমূল নেতা।