পুবের কলম ওয়েব ডেস্ক: জম্মু ও কাশ্মীরের কুলগামের আখরানে সিআরপিএফ ক্যাম্পে জঙ্গি হামলার ভয়াবহ দৃশ্য ধরা পড়ল সিসিটিভি ক্যামেরায়। বুধবার দুপুরের ওই ঘটনার ফুটেজে দেখা গিয়েছে, দুই বাইক আরোহী জঙ্গি একে-৪৭ বা সমতুল্য কোনও স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র থেকে মাত্র ১৫ সেকেন্ডের মধ্যে ৩০ রাউন্ড গুলি চালায়। জওয়ানরা দ্রুত পালটা প্রতিরোধ গড়ে তুললেও শেষ পর্যন্ত ওই বাইকে চেপেই চম্পট দিতে সক্ষম হয় সন্ত্রাসবাদীরা। এই ঘটনার পর নড়েচড়ে বসেছে প্রশাসন, পরিস্থিতি পর্যালোচনা করতে তড়িঘড়ি জরুরি বৈঠক ডেকেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।
সিসিটিভি ফুটেজে প্রথম ১৫ সেকেন্ডের পর আরও এক মিনিট ধরে দফায় দফায় গুলির শব্দ শোনা যায়।
উপত্যকায় প্রায় এক বছর পর ঘটা এই সুপরিকল্পিত জঙ্গি হামলার নেপথ্যে লস্কর-ই-তইবার হাত রয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশ ও গোয়েন্দাদের। মনে করা হচ্ছে, ২৪ লক্ষ টাকা মাথার দাম থাকা কুখ্যাত লস্কর জঙ্গি মহম্মদ লতিফ ভাটই এই হামলার মূল চক্রী। ঘটনার পর কুলগাম-সহ গোটা জম্মু ও কাশ্মীরকে নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে ফেলা হয়েছে এবং হামলাকারীদের খোঁজে চলছে চিরুনি তল্লাশি। এদিকে, দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রকের ডাকা জরুরি বৈঠকে গোটা ঘটনার বিস্তারিত তথ্য তুলে ধরেন সিআরপিএফের জেনারেল। আগামী দিনে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে পরবর্তী পদক্ষেপ নিয়ে সেখানে আলোচনা চলছে বলে খবর।