ব্রাজিলে বামপন্থী নেতা লুলা দ্য সিলভার জয়, ইজরায়েলে নেতানিয়াহুর রাজনৈতিক কর্তৃত্বের অবসান এবং আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের শিবিরের ধাক্কা—বিশ্ব রাজনীতির সাম্প্রতিক ঘটনাপ্রবাহকে ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখছে কংগ্রেস। দলের আশা, এই রাজনৈতিক পরিস্থিতি এবং বিভিন্ন দেশে জেন জি-র আন্দোলনের প্রভাব আগামী দিনে ভারতের রাজনীতিতেও পরিবর্তনের পথ প্রশস্ত করবে। ২০২৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপিকে হারিয়ে কেন্দ্রে ক্ষমতায় ফিরবে কংগ্রেস। আর প্রধানমন্ত্রী হবেন রাহুল গান্ধী।

মঙ্গলবার দলের এক বিশেষ সাংবাদিক সম্মেলনে কার্যত এমনই প্রত্যাশার কথা জানালেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা এআইসিসির বিদেশ বিষয়ক বিভাগের চেয়ারম্যান সলমন খুরশিদ।

২০২৯ সালে সম্ভাব্য সরকার গঠনের কথা মাথায় রেখেই এখন থেকে বিদেশনীতি ও ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে প্রস্তুতি শুরু করতে চাইছে কংগ্রেস। সেই লক্ষ্যেই আগামী ১৩ ও ১৪ নভেম্বর তেলেঙ্গানার হায়দরাবাদে আয়োজন করা হচ্ছে ‘ভারত সামিট’। এই সম্মেলনে বিশ্বের প্রায় ৭০টি দেশের প্রগতিশীল রাজনৈতিক নেতা, নীতিনির্ধারক, শিক্ষাবিদ, কর্পোরেট প্রতিনিধি এবং নাগরিক সমাজের সদস্যদের অংশ নেওয়ার কথা।

রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে সম্মেলনের উদ্বোধন করবেন।

সাংবাদিক সম্মেলনে সলমন খুরশিদ বলেন, বিশ্বজুড়ে যে রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে ২০২৯ সালের নির্বাচনের পর ভারতে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব গুরুত্বপূর্ণ দায়িত্বে আসবে বলে তাঁদের প্রত্যাশা। তাঁর কথায়, দেশ সম্পর্কে রাহুল গান্ধীর যে রাজনৈতিক ও সামাজিক ভাবনা রয়েছে, তাকে বাস্তবে রূপ দেওয়াই তাঁদের লক্ষ্য।

বিদেশনীতি প্রসঙ্গে খুরশিদ জানান, জওহরলাল নেহরুর জোটনিরপেক্ষ বিদেশনীতি এবং পরবর্তী সময়ে ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধীর দেখানো পথেই এগোতে চায় কংগ্রেস। সেই ভাবনাকে সামনে রেখে বিভিন্ন প্রগতিশীল দেশের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হবে হায়দরাবাদের সম্মেলনে। ভবিষ্যতে ভারতের বিদেশনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক কোন পথে এগোবে, তা নিয়েও মতবিনিময় হবে।