মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা ও সংঘাতের জন্য সরাসরি ইরানকে দায়ী করলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তাঁর অভিযোগ, গোটা অঞ্চলে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা এবং একের পর এক সংঘাতের নেপথ্যে রয়েছে ইরানের শাসকগোষ্ঠী। মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার মূল উৎস হিসেবেও তেহরানকে চিহ্নিত করেছেন তিনি। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মার্ক রুবিওর এই দাবি হাস্যকর।

কেননা, মধ্যপ্রাচ্যে একাধিক দেশে হামলার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধেই। 

মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে রুবিও বলেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংঘাত ও অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে একটি সাধারণ যোগসূত্র রয়েছে। আর সেটি হল ইরান। তাঁর বক্তব্যের সমর্থনে হুতি বিদ্রোহী, ইরাকের সশস্ত্র মিলিশিয়া গোষ্ঠী, লেবাননের হিজবুল্লাহ, ফিলিস্তিনের হামাস এবং সিরিয়ার গৃহযুদ্ধের প্রসঙ্গ তুলে ধরেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

রুবিওর দাবি, মধ্যপ্রাচ্যের এই অস্থিতিশীল কর্মকাণ্ডগুলির নেপথ্যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ইরানি শাসকগোষ্ঠীর ভূমিকা রয়েছে। তাঁর কথায়, এই অঞ্চলের অস্থিরতার মূল উৎস ইরান এবং তাদের শাসকগোষ্ঠীই এর জন্য দায়ী।

তিনি আরও দাবি করেন, মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশও বিষয়টি বুঝতে পেরেছে। ফলে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রশ্নে ইরানের ভূমিকা নিয়ে সংশ্লিষ্ট দেশগুলির মধ্যে উদ্বেগ রয়েছে বলেও মনে করেন তিনি।

মার্কো রুবিওর এই মন্তব্য মধ্যপ্রাচ্যে ইরানের ভূমিকা এবং আঞ্চলিক সংঘাত নিয়ে ওয়াশিংটনের কঠোর অবস্থানকেই ফের সামনে নিয়ে এল।