পুবের কলম ওয়েব ডেস্ক: ভাইফোঁটার সকালে কলকাতা বিমানবন্দরে হাইজ্যাক অ্যালার্ট ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল। এয়ার ইন্ডিয়ার একটি মুম্বইগামী বিমান ওড়ার ঠিক আগে এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) থেকে পাইলটের কাছে এই সতর্কবার্তা আসে। এর জেরে বিমানবন্দর জুড়ে প্রবল হইচই শুরু হয় এবং দ্রুত বিমানটিকে সরিয়ে নিয়ে যাওয়া হয় আইসোলেশন বে-তে।
এদিন সকালে ৯২ জন যাত্রী নিয়ে এয়ার ইন্ডিয়ার ওই বিমানটির মুম্বই উড়ে যাওয়ার কথা ছিল।

যাত্রীরা সকলে বিমানে উঠে আসন গ্রহণ করেছিলেন এবং পাইলটও বিমান ওড়ানোর জন্য প্রস্তুত ছিলেন। ঠিক সেই মুহূর্তেই এটিসি থেকে তাঁর কাছে হাইজ্যাকের আশঙ্কাবার্তা আসে।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, বিমানের শৌচাগারের আয়নায় হাইজ্যাক সংক্রান্ত কিছু লেখা ছিল এবং একটি হুমকি চিরকুটও উদ্ধার হয়েছে। এরপরই উড়ানটি সাময়িকভাবে বাতিল করা হয়।
পাইলট নির্দেশ অনুযায়ী বিমানটিকে আইসোলেশন বে-তে সরিয়ে নিয়ে যান এবং যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয়। গোটা ঘটনায় যাত্রীদের পাশাপাশি বিমানবন্দরেও ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আইসোলেশন বে-তে নিয়ে যাওয়ার পর বিমানে তল্লাশি শুরু হয়। কড়া নিরাপত্তার মাঝেও কীভাবে বিমানে এই হুমকি চিরকুট এল, তা নিয়ে প্রশ্ন উঠছে। এটি কি সত্যিই কোনও হামলার হুমকি নাকি নেহাতই কারও মশকরা, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে, এখনও পর্যন্ত বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে সরকারিভাবে কোনও বিবৃতি দেওয়া হয়নি।