ভাইফোঁটার সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন তিন বন্ধু। বুধবার ভোরে কোচবিহারের মাথাভাঙা রাজ্য সড়কের শিকারপুরে মুরগি বোঝাই ট্রাকের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় তিন যুবকের। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মাথাভাঙার পচাগড় এলাকায়। পরপর পথ দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে গোটা এলাকায়।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত তিন যুবকের নাম সঞ্জয় রবিদাস, নীলাদ্রি শেখর রায় ও শুভজিৎ সরকার।
প্রত্যেকের বয়স আনুমানিক ২৫ থেকে ২৬ বছর। তিনজনেরই বাড়ি মাথাভাঙার পচাগড় এলাকায়।আরও পড়ুন:
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার ভোর পাঁচটা নাগাদ একই মোটরসাইকেলে চেপে বাড়ি ফিরছিলেন ওই তিন বন্ধু। শিকারপুরে একটি পেট্রোল পাম্পের কাছে শিলিগুড়িগামী মুরগি বোঝাই একটি ট্রাকের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে ঘটনাস্থলেই তিন যুবকের মৃত্যু হয়।
দুর্ঘটনায় গুরুতর জখম হন ট্রাকচালক গোপাল রায়। তাঁকে উদ্ধার করে প্রথমে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য শিলিগুড়িতে স্থানান্তরিত করা হয়েছে।আরও পড়ুন:
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল বাহিনী। উদ্ধার করা হয় তিন যুবকের দেহ।
পরে সেগুলি হাসপাতালে পাঠানো হয়। কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।আরও পড়ুন:
এদিকে, একই এলাকায় পরপর পথ দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে সড়ক নিরাপত্তা নিয়ে। উল্লেখ্য, মঙ্গলবার রাতেও মাথাভাঙা শহর ও সংলগ্ন এলাকায় পৃথক পথ দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছিল। দুর্গাপুজো থেকে এখনও পর্যন্ত এই এলাকায় পথ দুর্ঘটনায় মোট সাতজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। একের পর এক দুর্ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।