পুবের কলম ওয়েব ডেস্ক: বিধায়ক হওয়ার মাত্র তিন মাসের মধ্যেই দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগোচ্ছেন রানীনগরের বিধায়ক জুলফিকার আলী। এলাকার স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন থেকে শুরু করে পরিকাঠামো উন্নয়নে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। রানীনগরের গোধনপাড়া হাসপাতালের উন্নয়নের জন্য ৬৮ লক্ষ ৪০ হাজার ৩৯০ টাকা বরাদ্দ করা হয়েছে। ইতিমধ্যে সেই বরাদ্দের অর্থও এসে পৌঁছেছে।

ফলে হাসপাতালের উন্নয়নমূলক কাজ দ্রুত শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

এছাড়া ইসলামপুর হাসপাতালের উন্নয়নের জন্যও শীঘ্রই অর্থ বরাদ্দ হতে চলেছে বলে জানা গিয়েছে। এর পাশাপাশি রানীনগর বিধানসভা এলাকার সামগ্রিক উন্নয়নের জন্য বিধায়ক তহবিল থেকে ৫০ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। ওই অর্থে বিভিন্ন উন্নয়নমূলক কাজ দ্রুত শুরু করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

বিধায়ক হওয়ার পর এলাকার মানুষের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন জুলফিকার আলী, তার অনেকটাই ইতিমধ্যে বাস্তবায়নের পথে। বিশেষ করে স্বাস্থ্য পরিষেবার উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে তিনি একাধিক পদক্ষেপ করেছেন। তাঁর লক্ষ্য, এলাকার মানুষ যাতে উন্নত চিকিৎসা পরিষেবা পান এবং নিজেদের এলাকার হাসপাতালেই প্রয়োজনীয় স্বাস্থ্য পরিষেবার সুযোগ পান।

স্থানীয় উন্নয়নের পাশাপাশি সাধারণ মানুষের পাশে থেকে কাজ করাকেই নিজের প্রধান দায়িত্ব বলে মনে করছেন বিধায়ক জুলফিকার আলী। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবে রূপ দিতে তিনি যে উদ্যোগী হয়েছেন, সাম্প্রতিক বরাদ্দ তারই ইঙ্গিত দিচ্ছে। আগামী দিনে এই উন্নয়নমূলক কাজগুলি কত দ্রুত বাস্তবায়িত হয়, এখন সেদিকেই তাকিয়ে রানীনগরের বাসিন্দারা।