পুবের কলম, ওয়েবডেস্ক: কলকাতা থেকে মিজোরামের সাইরাংগামী কলকাতা-সাইরাং এক্সপ্রেস অসমে লাইনচ্যুত হওয়ার এক রোমহর্ষক ও চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ্যে এসেছে। অসমে কামরূপ জেলার দিগরু রেল স্টেশনের কাছে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় ট্রেনের ইঞ্জিন ও পাওয়ার কারসহ মোট পাঁচটি কোচ লাইনচ্যুত হয়। তবে রেল সূত্রে স্বস্তির খবর, এই দুর্ঘটনায় কোনো প্রাণহানি বা বড় ধরনের জখমের খবর পাওয়া যায়নি।


ঘটনাটি ঘটে গত মঙ্গলবার সকাল ৬টা বেজে ৫৪ মিনিটে। কলকাতা এবং পূর্বাঞ্চলের সঙ্গে মিজোরামের যোগাযোগের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রেল সংযোগ হলো এই কলকাতা-সাইরাং এক্সপ্রেস।

দুর্ঘটনার সময়ের ৪৫ সেকেন্ডের একটি নড়বড়ে ভিডিও সামনে এসেছে, যা দেখে যে কারো রক্ত হিম হয়ে যেতে পারে। ভাইরাল ওই ভিডিও ক্লিপে শোনা যাচ্ছে, এক ব্যক্তি আতঙ্কিত গলায় বলছেন— "ব্রেক পাইপের প্রেশার কমছে না। সিগন্যাল লাল রয়েছে। জরুরি ব্রেক কষে দেওয়া হয়েছে, কিন্তু কাজ করছে না।" ভিডিওটিতে দেখা যায়, চালক প্রাণপণ চেষ্টা করে পাওয়ার লিভার ও বিভিন্ন সুইচ নিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন, কিন্তু কোনো কিছুই কাজ করছে না।
এরপরই আতঙ্কের সুরে বলতে শোনা যায়— "কিছুই কাজ করছে না!" ঠিক সেই মুহূর্তেই ট্রেনটি প্রবল বেগে কোনো একটি বাধার সঙ্গে ধাক্কা খায় এবং কেবিনের কাউন্টারে রাখা একটি কাচের বোতল মাটিতে পড়ে ভেঙে চুরমার হয়ে যায়।
 
ট্রেনের প্যান্ট্রি কারের ম্যানেজার সংবাদসংস্থা এএনআই-কে নিজের অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে বলেন, "ভোর ৫টার দিকে আমরা ঘুমিয়ে ছিলাম। গুয়াহাটি পর্যন্ত সব ঠিক ছিল, সেখানে ট্রেন থামার পর আবার যাত্রা শুরু করে। ট্রেনের গতি ভালোই ছিল।
দিগরু স্টেশনে পৌঁছানোর পর ট্রেনটি একটু ধীরগতির হয় এবং স্টেশন প্ল্যাটফর্ম পার হওয়ার পরেই একটা বিকট শব্দ শুনতে পাই। কি শব্দ হয়েছিল আমরা বুঝতে পারিনি। এর মাত্র কয়েক মিটার এগোতেই ইঞ্জিন লাইনচ্যুত হয়ে যায়। ওই অবস্থায় ট্রেনটি আরও প্রায় এক কিলোমিটার এগিয়ে যায়। ধাক্কায় আমি সিট থেকে তিনবার পড়ে যাই। গেট খুলতে পারছিলাম না, সবাই চরম আতঙ্কে ছিলাম। দশ মিনিট পর ট্রেন থামে।"