পুবের কলম, ওয়েবডেস্ক: দীপাবলির রাতে বাজি ফাটানোকে কেন্দ্র করে তুচ্ছ বচসা থেকে মর্মান্তিক কাণ্ড। উত্তরপ্রদেশের বাঘপত জেলায় বাজি ফাটানো নিয়ে ঝামেলার জেরে রাষ্ট্রপতি ভবনের দেহরক্ষী বাহিনীর এক জওয়ানের মাথায় গুলি চালানোর অভিযোগ উঠল। আশঙ্কাজনক অবস্থায় ওই জওয়ানকে মিরাটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে চিকিৎসকরা অস্ত্রোপচার করে তাঁর মাথা থেকে গুলি বের করতে সক্ষম হলেও তাঁর অবস্থা এখনও অত্যন্ত সংকটজনক।
 
আহত জওয়ানের নাম সৌরভ তোমার (২৬)।

তিনি ২০২১ সালে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন এবং বর্তমানে ভারতীয় সেনার প্রাচীনতম অশ্বারোহী রেজিমেন্ট ‘রাষ্ট্রপতি দেহরক্ষী বাহিনী’তে কর্মরত। দীপাবলি উদযাপনের জন্য ছুটি নিয়ে তিনি নিজের গ্রামের বাড়িতে এসেছিলেন।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীপাবলির রাতে সৌরভ তোমার তাঁর দুই ভাই বিনীত ও মিন্টুকে সঙ্গে নিয়ে বাড়ির বাইরে বাজি ফাটাচ্ছিলেন। সেই সময় তাঁদের দুই প্রতিবেশী ধীরুজ এবং তাঁর ভাই মনু ওরফে প্রবীণের সঙ্গে কোনো বিষয় নিয়ে কথা কাটাকাটি শুরু হয়।
কথা কাটাকাটি দেখতে দেখতে চরম সংঘর্ষের রূপ নেয়। 

অভিযোগ, বচসা চলাকালীন ধীরুজ দেশি পিস্তল বের করে গুলি চালায়। সেই গুলি প্রথমে একটি দেওয়ালে লেগে প্রতিহত হয়ে সরাসরি সৌরভের কানের ঠিক পেছনে তাঁর মাথায় গিয়ে লাগে। গুলিবিদ্ধ হয়ে সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন সৌরভ। একই সময়ে ধীরুজের ভাই লাঠি নিয়ে এসে বিনীতের ওপর হামলা চালায় এবং পাল্টা মারামারিতে মিন্টুর লাঠির আঘাতে জখম হয় মনুও। গোলমালের জেরে চারপাশের লোকজন ভয়ে ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায় এবং অভিযুক্তরাও চম্পট দেয়।