পুবের কলম ওয়েব ডেস্ক: আদালতের অনুমতি পাওয়ার পরেই ফলতার একদা প্রভাবশালী তৃণমূল নেতা জাহাঙ্গির খানের বেআইনি নির্মাণ ভাঙার কাজ শুরু করল জেলা প্রশাসন। বুধবার দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসকের নির্দেশে এই কাজ শুরু হয়।
জানা গিয়েছে, ফলতার শ্রীরামপুর এলাকায় জাহাঙ্গিরের দোতলার বেশি উঁচু একটি বাড়ি তৈরি করা নিয়ে বিস্তর অনিয়মের অভিযোগ উঠেছিল। নিয়ম অনুযায়ী, এমন বাড়ি তৈরির জন্য জেলা পরিষদের অনুমোদনের প্রয়োজন হয়। এই বাড়িটি নিয়ম মেনে তৈরি হয়েছিল কি না, সেই অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসন তদন্ত শুরু করে এবং পরে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়।

আদালত বেআইনি নির্মাণ ভাঙার পক্ষে রায় দেয়।
প্রশাসনের তরফে জাহাঙ্গিরকে একাধিকবার শুনানির জন্য ডাকা হলেও তিনি হাজিরা দেননি। সাত দিনের মধ্যে বেআইনি নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হলেও তা কার্যকর করা হয়নি। এরপরই বুধবার সকালে জেলা প্রশাসনের আধিকারিকরা বিডিও সন্দীপ সিংহ রায় এবং পুলিশকে সঙ্গে নিয়ে জাহাঙ্গিরের বাড়িতে উপস্থিত হন। গেটের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে আসবাবপত্র বাইরে বের করা হয় এবং এরপরই বাড়ি ভাঙার কাজ শুরু হয়।

এই প্রসঙ্গে ফলতার বিজেপি বিধায়ক দেবাংশু পান্ডা অভিযোগ করেছেন, এলাকায় জলাভূমি ভরাট করে এমন আরও অনেক বেআইনি নির্মাণ হয়েছে। প্রশাসনের উচিত সবগুলির বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া।
উল্লেখ্য, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ফলতা থেকে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন জাহাঙ্গির খান। ভোটে অনিয়মের অভিযোগে নির্বাচন কমিশন সেখানে পুনর্নির্বাচনের নির্দেশ দিলেও তিনি তার দু’দিন আগেই লড়াই থেকে সরে দাঁড়ান। পরবর্তীতে তোলাবাজি ও ভয় দেখানোর মতো একাধিক অভিযোগে নেপাল সীমান্ত থেকে তাঁকে এবং তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তাঁরা দু’জনেই জেলবন্দি।