পুবের কলম ওয়েব ডেস্ক: প্রাতঃভ্রমণে বেরিয়ে হঠাৎ মাথা ঘুরে পড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়। বুধবার সকালে হাঁটার সময় তিনি আচমকাই জ্ঞান হারান। উপস্থিত নিরাপত্তারক্ষীরা তাঁকে উদ্ধার করে দ্রুত দিল্লি এইমসে নিয়ে যান। বর্তমানে তাঁকে হাসপাতালের কার্ডিও-নিউরো সেন্টারে ভরতি রাখা হয়েছে।

এই ঘটনায় রাজনৈতিক মহলে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে।
জানা গিয়েছে, ৭৫ বছর বয়সি এই প্রবীণ নেতার বেশ কয়েকটি শারীরিক পরীক্ষা-নিরীক্ষা ইতিমধ্যেই করানো হয়েছে। তবে তাঁর বর্তমান শারীরিক অবস্থা ঠিক কেমন, সে বিষয়ে এইমসের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি।
উল্লেখযোগ্য যে, মাস চারেক আগেই ধনকড়ের শরীরে একটি জটিল অস্ত্রোপচার হয়েছিল।
গত জুলাই মাসে জয়পুরের একটি বেসরকারি হাসপাতালে শারীরিক পরীক্ষার পর তাঁর অবস্থা গুরুতর বলে জানান চিকিৎসকরা এবং সেখানে তাঁর দ্রুত অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়। সেই ঘটনার কয়েক মাসের মধ্যেই তিনি ফের অসুস্থ হয়ে পড়লেন।
জগদীপ ধনকড় ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। পরবর্তীতে তাঁকে দেশের উপরাষ্ট্রপতি পদে নিযুক্ত করা হয়। কিন্তু শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ২০২৫ সালের ২১ জুলাই তিনি আচমকাই সেই পদ থেকে ইস্তফা দিলে জাতীয় রাজনীতিতে ব্যাপক আলোড়ন তৈরি হয়।