পুবের কলম ওয়েব ডেস্ক: বৃহস্পতিবার, ১২ নভেম্বর থেকে দিল্লি ও এনসিআর এলাকায় প্যাকেটজাত এবং খোলা দুধের দাম লিটার প্রতি ২ থেকে ৪ টাকা পর্যন্ত বাড়াচ্ছে মাদার ডেয়ারি এবং আমূল। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, দুধের উৎপাদন খরচ বৃদ্ধি এবং কৃষকদের কাছ থেকে বেশি দামে দুধ কেনার কারণেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে। আপাতত এই দামবৃদ্ধি শুধুমাত্র দিল্লি-এনসিআর এলাকার জন্যই প্রযোজ্য। কলকাতা-সহ দেশের অন্যান্য বড় শহরগুলিতে দাম বাড়বে কি না, সে বিষয়ে সংস্থার তরফে এখনও কিছু জানানো হয়নি।
নতুন মূল্যবৃদ্ধি কার্যকর হওয়ার পর মাদার ডেয়ারির ফুল ক্রিম দুধের দাম লিটার প্রতি ৭২ টাকা থেকে বেড়ে ৭৬ টাকা হয়েছে।

প্যাকেটজাত টোনড মিল্ক লিটারে ৬০ টাকা থেকে বেড়ে ৬২ টাকা এবং ডাবল টোনড মিল্ক ৫৪ টাকা থেকে বেড়ে ৫৬ টাকা হয়েছে। এছাড়া গরুর দুধের দাম ৬২ টাকা থেকে বেড়ে ৬৫ টাকা এবং বাল্ক ভেন্ডেড টোনড মিল্ক লিটার প্রতি ৫৮ টাকা থেকে বেড়ে ৬০ টাকা করা হয়েছে।
দিল্লিতে প্রতিদিন মাদার ডেয়ারির ৩০ লক্ষ লিটারের বেশি দুধের চাহিদা রয়েছে। এর আগে চলতি বছরের ১৪ মে এবং গত ২০২৫ সালের এপ্রিলেও দুধের দাম বাড়িয়েছিল সংস্থাটি। মাত্র কয়েক মাসের ব্যবধানে ফের এই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ায় মধ্যবিত্তের হেঁশেলে আরও কিছুটা চাপ বাড়ল।