পুবের কলম ওয়েব ডেস্ক: শিয়ালদহ দক্ষিণ শাখায় এসি লোকাল এবং একগুচ্ছ নতুন ট্রেন চালুর দাবি উঠল পূর্ব রেলের বৈঠকে। মঙ্গলবার হাওড়া ও শিয়ালদহ ডিভিশনের সাংসদদের নিয়ে কলকাতায় একটি গুরুত্বপূর্ণ বৈঠক করে পূর্ব রেল। সাংসদ সৌগত রায়ের সভাপতিত্বে আয়োজিত এই বৈঠকে কাটোয়া-আজিমগঞ্জ এবং কাটোয়া-শিয়ালদহ রুটে নতুন লোকাল ট্রেন চালুর প্রস্তাব দেওয়া হয়। যাত্রীদের স্বাচ্ছন্দ্য বাড়াতে শিয়ালদহ দক্ষিণ শাখা এবং শান্তিপুর হয়ে শিয়ালদহ-নবদ্বীপ ধাম রুটে এসি লোকাল চালুর দাবি জানিয়েছেন সাংসদরা।
পাশাপাশি মালদহ-বহরমপুর-শিয়ালদহ রুটে শৌচাগারযুক্ত মেমু ট্রেন চালানোর আর্জিও জানানো হয়েছে।নতুন ট্রেন চালুর পাশাপাশি রেলের পরিকাঠামো উন্নয়নের দিকেও বিশেষ জোর দেওয়া হয়েছে এদিনের বৈঠকে। সাংসদদের তরফে নশিপুর সেতু দিয়ে আরও বেশি ট্রেন চালানো, গোগাট-তারকেশ্বর শাখায় ট্রেনের সংখ্যা বৃদ্ধি এবং কল্যাণী স্টেশনে হাজারদুয়ারি এক্সপ্রেসের স্টপেজ দেওয়ার দাবি তোলা হয়। এছাড়া আমঘাটা স্টেশনে নতুন প্ল্যাটফর্ম তৈরি এবং মুর্শিদাবাদ ও বেলডাঙা-সহ বিভিন্ন জায়গায় উড়ালপুল ও আন্ডারপাস নির্মাণের প্রস্তাবও দিয়েছেন জনপ্রতিনিধিরা।
বৈঠকে উপস্থিত পূর্ব রেলের জেনারেল ম্যানেজার গীতিকা পাণ্ডে জানান, যাত্রীদের নিরাপত্তা ও সুবিধার কথা মাথায় রেখে বর্তমানে ‘অমৃত ভারত স্টেশন’ প্রকল্প, ‘কবচ’ প্রযুক্তি, নতুন কামরা সংযোজন এবং রেলগেট সরিয়ে আন্ডারপাস বা উড়ালপুল তৈরির কাজ দ্রুত গতিতে এগোচ্ছে। এদিন রেলের নিজস্ব তথ্যপ্রযুক্তি দলের তৈরি ‘জনপ্রতিনিধি পোর্টাল’ সাংসদদের সামনে তুলে ধরা হলে তাঁরা এই উদ্যোগের প্রশংসা করেন।
বৈঠক শেষে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি জানান, সাংসদদের দেওয়া প্রস্তাবগুলি গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে। রেল বোর্ড এবং সংশ্লিষ্ট সাংসদদের সঙ্গে আলোচনা করে যাত্রীদের সুবিধার্থে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। এদিনের বৈঠকে রেলের অতিরিক্ত জেনারেল ম্যানেজার শীলেন্দ্রপ্রতাপ সিংহ-সহ দুই ডিভিশনের শীর্ষ আধিকারিকরাও উপস্থিত ছিলেন।