দীর্ঘ ১২ বছর ধরে হাওড়া পুরসভায় নির্বাচন না হওয়ায় নাগরিক পরিষেবা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই পরিস্থিতিতে নির্দিষ্ট সময়ের মধ্যে পুরসভা নির্বাচন সম্পন্ন করা না গেলে কলকাতার পাশাপাশি হাওড়া পুরসভার ওয়ার্ডগুলিতেও কো-অর্ডিনেটর নিয়োগের ঘোষণা করলেন তিনি। আগামী ১ ডিসেম্বর থেকে হাওড়ার ওয়ার্ডগুলিতে কো-অর্ডিনেটর বসানো হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে এই দায়িত্বে সরকারবিরোধী কাউকে রাখা হবে না বলেও স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি।

বুধবার হাওড়ার কাজিপাড়ায় একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে পুরসভায় নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় হাওড়ার বাসিন্দারা নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

সরকারি আধিকারিকদের দিয়ে বছরের পর বছর পুরসভা পরিচালনা করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। তাঁর বক্তব্য, প্রশাসনিক আধিকারিকদের কাজের কিছু সীমাবদ্ধতা রয়েছে। তাই ওয়ার্ডভিত্তিক পরিষেবা পরিচালনার জন্য কো-অর্ডিনেটর নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

মুখ্যমন্ত্রীর অভিযোগ, রাজ্যে সরকার পরিবর্তনের পর হাওড়া ও কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস করে নির্বাচন করানোর উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু বিরোধীরা আদালতের দ্বারস্থ হয়ে নির্বাচনী প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করছে।

যাঁদের নির্বাচনে জামানত বাজেয়াপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে, তাঁরাই নির্বাচন আটকে রাখছেন বলে কটাক্ষ করেন তিনি। এই আইনি বাধার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন শুভেন্দু।

কো-অর্ডিনেটর নিয়োগের ক্ষেত্রে সরকারের প্রতি রাজনৈতিক আনুগত্যকেই গুরুত্ব দেওয়ার ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “কো-অর্ডিনেটর হিসেবে তাঁকেই নিয়োগ করব, যিনি সরকারের পাশে থাকবেন, সরকারের বিরোধিতা করবেন না।” ফলে এই নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক নিরপেক্ষতা কতটা বজায় থাকবে, তা নিয়ে প্রশ্ন উঠতে পারে।

এর আগে কলকাতা পুরসভার পুনর্বিন্যাস হওয়া ২০৯টি ওয়ার্ডে দলীয় পছন্দের ব্যক্তিদের কো-অর্ডিনেটর হিসেবে নিয়োগের কথা জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেই প্রস্তাবে সমর্থন জানিয়েছিলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি বলেছিলেন, ভোটের মতো পরিস্থিতি না থাকলে বিকল্প ব্যবস্থা নিয়ে ভাবতেই হবে। তাঁর আরও বক্তব্য ছিল, “বামেদের পার্টি অফিস থেকে কাউকে বা তৃণমূলের প্রতিষ্ঠিত চিহ্নিত দুর্নীতিগ্রস্তদের তো বসাতে পারব না। আমাদের নেতারাই কো-অর্ডিনেটর হবেন।”