পুবের কলম ওয়েব ডেস্ক: ইরান-আমেরিকা যুদ্ধের জেরে আন্তর্জাতিক বাজারে সারের দাম বৃদ্ধি এবং আমদানিতে সঙ্কটের কথা মাথায় রেখে কৃষকদের জন্য বিরাট সিদ্ধান্ত নিল কেন্দ্র। সারে একলাফে ৬৪ শতাংশ ভরতুকি ঘোষণা করল মোদি সরকার। এই খাতে মোট ৬২ হাজার ৩৭০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্তে সিলমোহর পড়ে।
কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, আগামী রবি শস্যের মরশুমের জন্য দেশে প্রায় ৩৫ মিলিয়ন টন সারের প্রয়োজন।

কিন্তু বর্তমানে ২৩.৫ মিলিয়ন টন সার মজুত রয়েছে। কৃষকরা যাতে সুলভ মূল্যে এই সার কিনতে পারেন, তার জন্যই এই বিপুল ভরতুকির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত এই ভরতুকি কার্যকর থাকবে।
কেন্দ্রের নতুন তালিকা অনুযায়ী, প্রতি কেজি নাইট্রোজেনে ৯৪.২১ টাকা, ফসফরাসে ৬৬.১১ টাকা, পটাশে ২.৩৮ টাকা এবং সালফারে ১০.৪২ টাকা ভরতুকি মিলবে। এর ফলে গম, ডাল এবং তৈলবীজ চাষের ক্ষেত্রে কৃষকদের খরচ অনেকটাই কমবে।

উল্লেখ্য, ভারতের মোট চাহিদার প্রায় ৪০ শতাংশ সার বিদেশ থেকে আমদানি করতে হয়। গত ফেব্রুয়ারি থেকে পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির কারণে এই আমদানিতে সমস্যা দেখা দিয়েছে। তা সত্ত্বেও গত বছরের তুলনায় দেশে সারের মজুত বেড়েছে। গত বছর ১০ নভেম্বর ১৭.৩৫ মিলিয়ন টন সার মজুত থাকলেও, চলতি বছর একই সময়ে সেই পরিমাণ ২৩.৫২ মিলিয়ন টন রয়েছে। তবে সারে এই বিপুল ভরতুকি ঘোষণার ফলে আগামী বাজেটে কেন্দ্রীয় কোষাগারের উপর চাপ বাড়তে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।