পুবের কলম, ওয়েবডেস্ক: বিহারের রোহতাস জেলায় পিসতুতো কাকিমার বাড়ি থেকে ফেরার পথে এক নাবালিকাকে অপহরণ করে চলন্ত অটোতে এবং পরবর্তীতে ঘরে আটকে রেখে গণধর্ষণের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যার এই ঘটনায় পুলিশ অত্যন্ত তৎপরতা দেখিয়ে অপরাধের মাত্র ৫ ঘণ্টার মধ্যেই অটোচালকসহ মোট তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে এবং অপরাধে ব্যবহৃত অটোটিকেও বাজেয়াপ্ত করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, নির্যাতিতা কিশোরী দীপাবলির আগে রোহতাসের বানজারি এলাকায় তার পিসির বাড়িতে গিয়েছিল এবং সেখান থেকে মঙ্গলবার সন্ধ্যায় তিলৌথুর নিজ বাড়িতে ফিরছিল।
 
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, তিলৌথু যাওয়ার জন্য ওই কিশোরী একটি অটোতে ওঠে।

সেই সময়ে ওই অটোতে চালক ছাড়াও আগে থেকেই দুই ব্যক্তি বসে ছিল। কিন্তু গন্তব্যে পৌঁছে দেওয়ার নাম করে অভিযুক্তরা তাকে তিলৌথুর বদলে পার্শ্ববর্তী ঔরঙ্গাবাদ জেলার বারুন এলাকায় নিয়ে যায়। সেখানে একটি বন্ধ ঘরে নিয়ে গিয়ে তিনজনে মিলে ওই নাবালিকাকে গণধর্ষণ করে বলে অভিযোগ। এরপর অভিযুক্ত অটোচালক মেয়েটিকে পুনরায় তিলৌথুর দিকে ফিরিয়ে আনে এবং একটি জনমানবশূন্য নির্জন স্থানে নামিয়ে দিয়ে পালানোর চেষ্টা করে।
ঠিক সেই মুহূর্তে কিশোরীটি চিৎকার করে লোকজনকে ডাকলে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ধাওয়া করে চালককে হাতেনাতে ধরে ফেলে।
 
ধৃত অটোচালককে জিজ্ঞাসাবাদ করে পুলিশ তার অপর দুই সহযোগীর নাম জানতে পারে। এরপর রোহতাসের পুলিশ সুপার মিঃ রাজের নির্দেশমাফিক তিলৌথু থানার এসএইচও শুভম কুমারের নেতৃত্বে একটি বিশেষ পুলিশ দল গঠন করা হয়। ঔরঙ্গাবাদের বারুন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ বাকি দুই অভিযুক্তকেও তাদের লুকিয়ে থাকা আস্তানা থেকে গ্রেপ্তার করে। নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে তিলৌথু থানায় অপহরণ এবং গণধর্ষণের সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।