পুবের কলম, মস্কো: রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে বিশ্বরাজনীতিতে বড় ধরনের আলোড়ন ফেলা এক তথ্য প্রকাশ্যে এসেছে। রাশিয়ার সরকারি পরিসংখ্যান সংস্থা ‘রসস্ট্যাট’-এর ফাঁস হয়ে যাওয়া একটি গোপন নথির তথ্য অনুযায়ী, ২০২২ সালের শুরুতে পূর্ণাঙ্গ হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত ইউক্রেন যুদ্ধে চার লক্ষেরও বেশি রুশ সেনা প্রাণ হারিয়েছেন। বেলারুশের বিরোধী গোষ্ঠী সমর্থিত হ্যাকার গ্রুপ ‘সাইবার পার্টিসানস’ এবং ইউক্রেনীয় হ্যাকার দল ‘সাইলেন্ট ক্রাউ’-এর হাতে আসা ওই নথিতে বহু চাঞ্চল্যকর তথ্য মিলছে।

ফাঁস হওয়া ডেটাসেটে মোট ১ কোটি ১০ লক্ষেরও বেশি মৃত্যু সনদ রয়েছে। এর মধ্যে অন্তত ৪,১২,৫৭৬টি মৃত্যু সনদে সরকারি মৃত্যুর কারণ এবং সামরিক অভিযানে নিহতের কথা স্পষ্ট উল্লেখ রয়েছে।

‘দ্য গার্ডিয়ান’-এর প্রতিবেদন অনুযায়ী, রাশিয়ার পরিসংখ্যান সংস্থা রসস্ট্যাট নিশ্চিত করেছে যে তাদের সিস্টেমে হ্যাকিংয়ের ঘটনা ঘটেছে, তবে কোনো স্পর্শকাতর বা গোপন তথ্য চুরি হয়নি। একইসঙ্গে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে মস্কো।

রিপোর্টে বলা হয়েছে, ২০২৪ সালের শেষের দিকে এবং ২০২৫ সালের বেশ কিছু মাসে যুদ্ধক্ষেত্রে মৃত্যুর হার ছিল অত্যন্ত মারাত্মক—এক একটি মাসেই ১৫,০০০-এরও বেশি রুশ সেনার মৃত্যু নথিভুক্ত হয়েছে। অন্যদিকে, ‘জার্মান ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড সিকিউরিটি অ্যাফেয়ার্স’-এর রাশিয়া ও ইউরেশিয়া বিভাগের প্রধান ইয়ানিস ক্লুগ এই ডেটা পর্যালোচনার পর জানিয়েছেন, নথিপত্রগুলি সম্পূর্ণ খাঁটি ও প্রামাণ্য বলেই মনে হচ্ছে। নিখোঁজ সেনা এবং মৃত্যু নথিভুক্তিকরণের বিলম্বের কারণে প্রকৃত নিহতের সংখ্যা এর চেয়েও বেশি হতে পারে। তাঁর অনুমান, ইউক্রেন যুদ্ধে প্রাণ হারানো রুশ সেনার প্রকৃত সংখ্যা প্রায় পাঁচ লক্ষের কাছাকাছি পৌঁছাতে পারে।