পুবের কলম, লখনউ: দীপাবলি উদযাপনের ফলে সৃষ্ট বায়ুদূষণ নিয়ে সমালোচকদের তীব্র কটাক্ষ করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বুধবার লখনউয়ে এক সরকারি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দেন, দীপাবলির আনন্দ ও আতশবাজির জেরে সাময়িকভাবে দূষণ বাড়লেও তা নিজে থেকেই কমে যাবে, এ নিয়ে অতিরিক্ত চিন্তার কোনো কারণ নেই। একইসঙ্গে যারা দুর্নীতির মাধ্যমে গোটা সমাজব্যবস্থাকে কলুষিত করেছে, তাদের বিরুদ্ধে কেন কেউ প্রশ্ন তোলে না, সেই প্রশ্নও তোলেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের মানুষ অত্যন্ত আনন্দের সঙ্গে দীপাবলি উদ্যাপন করেছেন এবং সরকার আগেই স্পষ্ট করে দিয়েছিল যে উৎসবে কোনো ধরনের নিষেধাজ্ঞা চাপানো হবে না।
আরও পড়ুন:
দীপাবলির পর দূষণের মাত্রা বৃদ্ধি পাওয়া নিয়ে চলা বিতর্কের জবাবে আদিত্যনাথ বলেন, "কেউ কেউ বলছেন দীপাবলির কারণে দূষণ বেড়েছে। তো বেড়েছে তো কী হয়েছে? তা আবার কমেও যাবে। এ নিয়ে এত চিন্তার কী আছে?
" সুরে চড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, "যাঁরা নিজেদের দুর্নীতিগ্রস্ত কার্যকলাপের মাধ্যমে গোটা সিস্টেম বা ব্যবস্থাকে নোংরা ও দূষিত করে ফেলেছেন, তাঁদের বিরুদ্ধে কিন্তু কেউ কোনো প্রশ্ন তোলেন না। অথচ দেশের সাধারণ মানুষ যদি বছরের মাত্র একটা দিন একটু আনন্দ করে, আতশবাজি ফাটিয়ে উৎসব পালন করে, তবেই হঠাৎ করে দূষণ একটা বিরাট বড় ইস্যু হয়ে দাঁড়ায়!"আরও পড়ুন:
মুখ্যমন্ত্রীর বক্তব্য, সাধারণ মানুষ উৎসাহ ও উদ্দীপনার সঙ্গেই দীপাবলি পালন করেছেন এবং তাঁরা কোনো ভুল করেননি। সরকার আগেই কথা দিয়েছিল যে উৎসবে কোনো রাশ টানা হবে না, মানুষ স্বাধীনভাবে বাজি ফাটিয়ে উৎসব উপভোগ করুক—এটাই তাঁদের নীতি ছিল।