উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় : স্ত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় খুনের অভিযোগে স্বামীকে গ্রেফতার করল জয়নগর থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে জয়নগর থানার উত্তরপাড়া নিজ এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েক বছর আগে উত্তরপাড়া নিজ এলাকার বাসিন্দা শিবা হালদার (৩২)-এর সঙ্গে প্রেম করে বিয়ে হয়েছিল স্বপ্না হালদারের। বিয়ের পর থেকেই তাঁদের মধ্যে প্রায়ই সাংসারিক অশান্তি লেগে থাকত বলে জানা গিয়েছে। সোমবার শ্বশুরবাড়ি থেকে স্বপ্নার ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
ঘটনার দিন রাতেই মৃতার বাবা জয়নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। এরপর মঙ্গলবার রাতে উত্তরপাড়া নিজ এলাকার বাড়ি থেকে স্বামী শিবা হালদারকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ।
বুধবার ধৃতকে জয়নগর থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়। স্ত্রীর মৃত্যুর পিছনে প্রকৃত কারণ কী, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।