ইয়েমেনের এডেন শহরে সৌদি আরবের একটি সামরিক কমান্ড সেন্টার ও অপারেশন রুমে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করল হুথি বিদ্রোহী গোষ্ঠী। বুধবার এডেনের আল-বুরাইকা এলাকায় এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে গোষ্ঠীটি। হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এই হামলার কথা জানিয়েছেন।

টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে ইয়াহিয়া সারি জানান, ওই সামরিক স্থাপনা থেকে লাহিজ, আল-দালে, তাইজ-সহ ইয়েমেনের বিভিন্ন প্রদেশের সক্রিয় যুদ্ধক্ষেত্রে সৌদি সামরিক বাহিনীর শক্তি বৃদ্ধি ও সামরিক অভিযান পরিচালনা করা হত।

সেই কেন্দ্রকেই লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে দাবি তাঁর।

অন্যদিকে, সৌদি আরব সমর্থিত ইয়েমেনের সরকার এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। দেশটির তথ্যমন্ত্রী সালেম আল-আওয়ালকি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে হুথিদের বিরুদ্ধে সরব হয়েছেন। তাঁর অভিযোগ, এই হামলা বেসামরিক নাগরিকদের নিশানা করা এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোর ক্ষেত্রে হুথি মিলিশিয়াদের পরিচিত কৌশলেরই প্রতিফলন।