পূবের কলম,কলকাতা: দীর্ঘদিন অসুস্থ থাকার পর বুধবার সন্ধ্যায় কলকাতার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা উজ্জ্বল বিশ্বাস। মৃত্যুকালে তাঁর বয়স সম্পর্কে কোনও তথ্য জানানো হয়নি। তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

গত কয়েক মাস ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন উজ্জ্বল বিশ্বাস। হৃদ্‌যন্ত্রের সমস্যার কারণে তাঁর অস্ত্রোপচারও হয়েছিল।

প্রায় ১৪ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু দুর্গাপুজোর পঞ্চমীর দিন ফের অসুস্থ হয়ে পড়েন তিনি। সপ্তমীর দিন তাঁকে কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকেই ক্রমশ অবনতি হতে থাকে তাঁর শারীরিক অবস্থার। একে একে তাঁর শরীরের বিভিন্ন অঙ্গ বিকল হতে শুরু করে।
কিডনি বিকল হয়ে যাওয়ায় তাঁর ডায়ালিসিসও শুরু হয়েছিল। শেষ পর্যন্ত চিকিৎসকদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ করে বুধবার সন্ধ্যায় মৃত্যু হয় তাঁর।

উজ্জ্বল বিশ্বাস ২০২২ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি দফতরের মন্ত্রী ছিলেন। তিনি কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়কও ছিলেন। তবে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী সাধন ঘোষের কাছে পরাজিত হন তিনি।

রাজনৈতিক জীবনের শেষ পর্যায়ে একাধিক বিতর্কেও জড়িয়ে পড়েছিলেন এই তৃণমূল নেতা। গত জুন মাসে ত্রিপল চুরির অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছিল। গ্রেফতারের প্রায় ২০ দিন পর ত্রাণ চুরির একটি মামলায় কৃষ্ণনগর আদালত তাঁকে শর্তসাপেক্ষে জামিন দেয়। সেই সময় তাঁর পাসপোর্ট বাজেয়াপ্ত করার নির্দেশও দেওয়া হয়েছিল। পরে প্রায় ৪৯ দিন জেলবন্দি থাকার পর সমস্ত মামলায় জামিন পেয়ে মুক্তি পান তিনি।

তাঁর মৃত্যুতে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।