পুবের কলম ওয়েবডেস্ক, জম্মু-কাশ্মীরের কিস্তওয়ারে নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই উদ্ধার হল দুই পুলিশকর্মীর গুলিবিদ্ধ দেহ। বুধবার বিকেল থেকে তাঁদের খোঁজ পাওয়া যাচ্ছিল না। বৃহস্পতিবার তাঁদের দেহ উদ্ধার হয়। প্রাথমিকভাবে জঙ্গি হামলার আশঙ্কা করা হচ্ছে।

মৃতদের নাম রাশাপাল কুমার (৪০) ও ববি চাঁদ (৫৪)।

দু’জনই জম্মু-কাশ্মীর পুলিশের বিশেষ অভিযানকারী দল (এসওজি)-এর সদস্য ছিলেন। তাঁদের কর্মস্থল ছিল কিস্তওয়ারের দাচ্চানের কিয়ার গ্রাম।

বুধবার বিকেলে কিয়ার শিবির থেকে ধরনা-মারওয়াহ এলাকায় সেনার একটি ছাউনির দিকে যাচ্ছিলেন তাঁরা। মারওয়া অঞ্চলের দেহারণা এলাকার জঙ্গলে হঠাৎ গুলির শব্দ শোনা যায়। এরপর থেকেই নিখোঁজ ছিলেন দু’জন।

শুরু হয় তল্লাশি অভিযান। নিখোঁজ হওয়ার জায়গা থেকে প্রায় দুই কিলোমিটার দূরে তাঁদের দেহ মেলে। দু’জনের শরীরেই একাধিক গুলির চিহ্ন রয়েছে। তাঁদের সার্ভিস অস্ত্রেরও খোঁজ মেলেনি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।