পুবের কলম ওয়েব ডেস্ক: জম্মু ও কাশ্মীরের কুলগামে সিআরপিএফ ক্যাম্পে হামলার দায় স্বীকার করল ‘পাসদরান-ই-হুরিয়ত কাশ্মীর’ নামে এক অপরিচিত জঙ্গি সংগঠন। বুধবার রাতেই বিবৃতি দিয়ে তারা এই হামলার দায় স্বীকার করেছে। সেই সঙ্গে বর্তমান ভারত সরকার রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের (আরএসএস) ছত্রছায়ায় ‘হিন্দুত্ব রেজিম’ চালাচ্ছে বলে অভিযোগ তুলে কার্যত যুদ্ধ ঘোষণার হুমকি দিয়েছে তারা।
বুধবার দুপুরে কুলগামের সিআরপিএফ ক্যাম্পে নাকা চেকিং চলাকালীন বাইকে চেপে এসে অতর্কিতে হামলা চালায় দুই জঙ্গি।
হামলার কয়েক ঘণ্টার মধ্যেই রাতে একটি বিবৃতি জারি করে ওই জঙ্গি সংগঠন। বিবৃতিতে দাবি করা হয়, ভারত জম্মু ও কাশ্মীর দখল করে রেখেছে এবং উপত্যকার বর্তমান শান্ত পরিস্থিতি একেবারেই কৃত্রিম। সংঘের উপর জেহাদি হামলার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে ওই বিবৃতিতে। মহম্মদ ওমর আজম নামে এক ব্যক্তির নামে এই বিবৃতি প্রকাশ করা হলেও, তার আসল পরিচয় এখনও জানা যায়নি। উপত্যকায় প্রায় এক বছর পর হওয়া এই হামলার নেপথ্যে সদ্য গজিয়ে ওঠা সংগঠনটি লস্কর, জইশ বা হিজবুলের মতো বড় গোষ্ঠীরই কোনও শাখা কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে গোয়েন্দা মহলে।
ইতিমধ্যেই ঘটনার পর কুলগাম-সহ গোটা কাশ্মীর উপত্যকায় জঙ্গিদের খোঁজে ব্যাপক চিরুনি তল্লাশি শুরু করেছে পুলিশ, সেনা ও সিআরপিএফ। অন্যদিকে, হামলার পর দিল্লিতে জরুরি বৈঠক ডেকেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সেখানে সিআরপিএফের শীর্ষ আধিকারিকরা গোটা ঘটনার বিস্তারিত তথ্য তুলে ধরেন এবং উপত্যকার নিরাপত্তা জোরদার করতে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।