পুবের কলম ওয়েব ডেস্ক: বৃহস্পতিবার ভোরে ভূমিকম্পে কেঁপে উঠল দার্জিলিং, শিলিগুড়ি-সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল। এদিন ভোর সাড়ে ৪টে নাগাদ দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে কম্পন অনুভূত হয়। উত্তরবঙ্গের পাশাপাশি সিকিম, বিহার, নেপাল এবং ভুটানেও কম্পন টের পাওয়া যায়। মৃদু কম্পন অনুভূত হয়েছে বাংলাদেশের কিছু এলাকাতেও। জানা গিয়েছে, এই ভূমিকম্পের উৎসস্থল ছিল সিকিমের নেপাল সীমান্তের কাছে, ইয়কসম থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তর-পশ্চিমে।


ভোরবেলার এই ভূমিকম্পের জেরে অনেক মানুষ আতঙ্কিত হয়ে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে পড়েন। বিস্তীর্ণ এলাকা জুড়ে কম্পন অনুভূত হলেও এখনও পর্যন্ত নেপাল বা অন্য কোথাও থেকে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে গত জুন মাসেও ভুটানে হওয়া একটি ভূমিকম্পের জেরে উত্তরবঙ্গ কেঁপে উঠেছিল। রিখটার স্কেলে ৫.৮ মাত্রার ওই ভূমিকম্পের উৎসস্থল ছিল ভুটানের রাজধানী থিম্পু থেকে প্রায় ২২ কিলোমিটার দূরে। যার ফলে সেই সময় ভারত, চিন, বাংলাদেশ এবং নেপালের বেশ কিছু এলাকাতেও কম্পন অনুভূত হয়েছিল।