পুবের কলম ওয়েব ডেস্ক: স্ত্রী কোনও পুরুষ বন্ধুর সঙ্গে ফোনে কথা বললেই তাঁকে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে দেওয়া যায় না, আর এই ধরনের ভিত্তিহীন অভিযোগ তোলা স্ত্রীর প্রতি মানসিক নিষ্ঠুরতার সমান। এক ব্যক্তির বিবাহবিচ্ছেদের মামলা খারিজ করে এই উল্লেখযোগ্য পর্যবেক্ষণ জানাল ঝাড়খণ্ড হাই কোর্ট। প্রধান বিচারপতি এমএস সোনাক এবং বিচারপতি মনোজ প্রসাদের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়।
আদালত সূত্রে জানা গিয়েছে, ওই দম্পতির বিয়ে হয়েছিল ২০০৫ সালে এবং তাঁদের দুই সন্তান রয়েছে। স্বামীর অভিযোগ, স্ত্রী এক অজ্ঞাতপরিচয় পুরুষের সঙ্গে ফোনে কথা বলতেন, যা নিয়ে তাঁদের মধ্যে প্রায়ই অশান্তি হত।

২০১৫ সালে স্ত্রী শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে যান। এরপর ২০২১ সালে স্বামী পারিবারিক আদালতে বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেন।
অন্যদিকে স্ত্রীর অভিযোগ ছিল, পণের দাবিতে শ্বশুরবাড়িতে তাঁর উপর নিয়মিত নির্যাতন চালানো হত বলেই তিনি বাপের বাড়ি চলে যেতে বাধ্য হন। এরপর স্বামী সম্পর্ক স্বাভাবিক করার কোনও চেষ্টাই করেননি। পারিবারিক আদালত স্ত্রীর পক্ষে রায় দিয়ে বিবাহবিচ্ছেদের মামলাটি খারিজ করে দেয়।
সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েই হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন স্বামী।
হাই কোর্টের ডিভিশন বেঞ্চ জানায়, স্ত্রী অন্য পুরুষের সঙ্গে কথা বললেই তিনি বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন—এমন অভিযোগ মূলত লিঙ্গভিত্তিক প্রাচীন ধারণার ফল। এছাড়া, স্বামীর পক্ষের সাক্ষীরা পরিবারের সদস্য না হওয়ায় এবং তাঁদের ১১ বছরের কন্যাসন্তান বাবার শিখিয়ে দেওয়া কথা আদালতে বলেছে বলে স্বীকার করায়, আদালত সেই সাক্ষ্যগুলি গ্রাহ্য করেনি। দম্পতির মধ্যে ২০১৫ সালে হওয়া একটি সমঝোতার শর্ত স্বামী পালন করেননি বলেও আদালত পর্যবেক্ষণ করেছে। সব দিক বিবেচনা করে শেষমেশ স্বামীর বিবাহবিচ্ছেদের আর্জি খারিজ করে দেয় হাই কোর্ট।