বাংলায় বিজেপির হার এখন শুধুই সময়ের অপেক্ষা—এ কথা শুধু বিরোধীরা নয়, বিজেপিও ভালো করেই জানে। কলকাতায় এসে এমনই মন্তব্য করলেন সমাজবাদী পার্টির সুপ্রিম ও সাংসদ অখিলেশ যাদব। সোমবার স্ত্রী ডিম্পল যাদবকে সঙ্গে নিয়ে শহরে পৌঁছে তিনি কেন্দ্রীয় সরকার ও বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান।

কলকাতায় একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতেই অখিলেশের এই সফর।

তবে তাঁর আগমন ঘিরে রাজনৈতিক মহলে কৌতূহল কম ছিল না। বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলার রাজনৈতিক পরিস্থিতি, এসআইআর বিতর্ক এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়ে মুখ খোলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী। স্পষ্ট ভাষায় তিনি জানান, বিজেপি বুঝে গেছে পশ্চিমবঙ্গে তাদের জয়ের সম্ভাবনা নেই। তাই রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে কেন্দ্রীয় সংস্থাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে।
আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডির তল্লাশি প্রসঙ্গ টেনে অখিলেশ বলেন, এই ধরনের অভিযান বিজেপির রাজনৈতিক হতাশারই প্রতিফলন। তাঁর কটাক্ষ, পেনড্রাইভ বিতর্ক থেকে শুরু করে ইডি অভিযান—সবই বিজেপির অস্বস্তির বহিঃপ্রকাশ। বিশেষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃঢ় অবস্থানের কাছে ইডি যে বারবার প্রশ্নের মুখে পড়ছে, তা গেরুয়া শিবির মেনে নিতে পারছে না বলেও মন্তব্য করেন তিনি। বাংলার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে অখিলেশ যাদব বলেন, “বিজেপি নিজেই জানে তারা এখানে জিততে পারবে না।
সম্মানের সঙ্গে হার মেনে নেওয়াই এখন তাদের উচিত।” তাঁর বক্তব্যে স্পষ্ট, পশ্চিমবঙ্গে বিজেপির নির্বাচনী ভবিষ্যৎ নিয়ে তিনি কোনও সংশয় দেখছেন না। এদিন শুধু বাংলাই নয়, নির্বাচন সংক্রান্ত এসআইআর ইস্যুতেও কেন্দ্র ও নির্বাচন কমিশনের ভূমিকার কঠোর সমালোচনা করেন সমাজবাদী পার্টি প্রধান। তাঁর দাবি, পশ্চিমবঙ্গের থেকেও ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে উত্তরপ্রদেশে। সেখানে বিপুল সংখ্যক ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে বলে অভিযোগ করেন তিনি। অখিলেশের মতে, বাংলায় যেখানে প্রায় এক কোটি নাম বাদ পড়ার অভিযোগ উঠেছে, সেখানে উত্তরপ্রদেশে সেই সংখ্যা প্রায় চার কোটির কাছাকাছি।