বোগোটা, ১ মার্চ: ইসরাইল-হামাস যুদ্ধের জের, সমস্ত ব্যবসায়িক লেনদেন বন্ধ করল কলম্বিয়া। বৃহস্পতিবার কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো ঘোষণা করেছেন, তাঁর সরকার ইসরাইলের কাছ থেকে অস্ত্র কেনা স্থগিত করছে। এছাড়াও অন্যান্য ব্যবসায়িক চুক্তিও স্থগিত করছে কলম্বিয়া সরকার। গাজায় ইসরাইলের বর্বরোচিত হামলার জেরেই এই পদক্ষেপ নিয়েছে কলম্বিয়া। চুক্তি স্থগিত ঘোষণা করার পরই ইসরাইলের তিব্র সমালোচনা করেছেন প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো।

দীর্ঘ পাঁচ মাস ধরে চলা ইসরাইল-হামাস যুদ্ধে বহু নারী ও শিশুর মৃত্যু হয়েছে। বর্তমানে চিকিৎসা ও খাদ্যের অভাবে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে গাজায়। অন্যান্য দেশ থেকে গাজায় ত্রাণ পাঠানোর ক্ষেত্রেও ইসরাইল প্রতিবন্ধকতা লাগাচ্ছে। এমনকি গাজাবাসী খাবারের সন্ধান করতে গেলেও তাদের গুলি করে হত্যা করছে ইসরাইলি সেনারা। ইসরাইলি হামলায় ৩০ হাজারেরও বেশি নারী ও শিশু নিহত হওয়ার ঘটনাকে 'গণহত্যা' বলে আখ্যা দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো।

ইসরাইলি সরকারের বর্বরোচিত হামলার নিন্দা জানিয়েছেন পেত্রো। ত্রাণবাহী গাড়িগুলির উপর হামলা চালানো জন্য ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকেই দায়ী করেছেন তিনি। নেতানিয়াহুর কর্মকাণ্ডকে নাৎসি ও জার্মানি কর্মকাণ্ডের সঙ্গে তুলনা করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট। এক্স হ্যান্ডেলে পেত্রো বলেন, "খাবার চাওয়ার কারণে নেতানিয়াহুর হাতে একশো জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এটিকে গণহত্যা বলা হয়।
এই গণহত্যা হলোকাস্টের কথা স্মরণ করিয়ে দিচ্ছে।" তাঁর আরও বক্তব্য, "এধরণের গণহত্যাকারী রুখতে হবে। গোটা বিশ্বের উচিত নেতানিয়াহুকে অবরুদ্ধ করা।"

প্রসঙ্গত, বহু বছর ধরেই যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের অন্যতম ঘনিষ্ঠ মিত্র দেশ হিসেবে পরিচিত কলম্বিয়া। ২০২২ সালে কলম্বিয়ার বামপন্থী রাষ্ট্রপতি নির্বাচিত হন গুস্তাভো পেত্রো। তাঁর নেতৃত্বাধীন সরকারের সময় থেকে যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের সঙ্গে সম্পর্কে আরও মজবুত হয়। তবে হামাস-ইসরাইল যুদ্ধের জেরে নতুন করে ইসরাইল-কলম্বিয়ার সম্পর্কের ফাঁটল ধরল। ব্যবসায়িক চুক্তি স্থগিত করার ফলে ইসরাইল ধাক্কা খাবে বলেই মনে করা হচ্ছে।