কুয়ালালামপুর, ২২ মে: ইসরাইলে অস্ত্র সরবরাহ বন্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। পাশাপাশি ফিলিস্তিনে নৃশংসতা বন্ধে ভেটো ক্ষমতা প্রয়োগের জন্য যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছেন তিনি। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, 'যুক্তরাষ্ট্রের কূটনৈতিক দক্ষতা, প্রভাব ও প্রক্রিয়ার সমন্বয় রয়েছে যা এ ধরনের নৃশংসতা মোকাবিলায় ব্যবহার করা যেতে পারে।'
আরও পড়ুন:
লাগাতার ইসরাইলকে অস্ত্র দিয়ে সহায়তা করা নিয়ে কয়েকটি পশ্চিমা দেশকে ‘ভণ্ড’ বলেও তোপ দেগেছেন আনোয়ার ইব্রাহিম।
তাঁর কথায়, পশ্চিমা কিছু দেশ গণতন্ত্র ও মানবাধিকারের জন্য লড়াই করলেও তারা গাজার জনগণের ওপর বর্বরতা চালিয়ে যেতে দিচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায় এটা পরিষ্কার করে দিয়েছে যে, যুক্তরাষ্ট্র নৃশংসতা ও যুদ্ধ বন্ধে যা করণীয় তা করছে না।আরও পড়ুন:
গত বছর সান ফ্রান্সিসকোতে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশনের বৈঠকে তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে মালয়েশিয়ার অবস্থান স্পষ্ট করেছিলেন। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্র বা জো বাইডেনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলেও জানান আনোয়ার।
তিনি বলেছেন, ‘ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলের নৃশংসতাও এক ধরনের দখলদারিত্ব। এটি আসলে একটি ধারাবাহিক দখলদারিত্ব। স্পষ্টতই ইসরাইল একটি বর্ণবাদী রাষ্ট্র। কারণ আমরা দেখতে পাচ্ছি, ইসরাইল কীভাবে ফিলিস্তিনিদের বিরুদ্ধে আচরণ করে এবং কীভাবে তারা তাদের ভূমি নিয়ন্ত্রণ করে।’