পুবের কলম, ওয়েবডেস্ক: দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি (আপ)-র সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে প্রাণনাশের হুমকি দেওয়ার চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য পরিচয়ে এক ব্যক্তি কেজরিওয়ালকে হত্যার হুমকি দিয়েছে এবং এর পাশাপাশি ৭ কোটি টাকা মুক্তিপণ দাবি করেছে বলে অভিযোগ। আম আদমি পার্টির তিলক নগরের বিধায়ক জার্নাইল সিংয়ের ফোনে আসা একটি ফোনকল এবং হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমেই এই হুমকি দেওয়া হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গত ৬ নভেম্বর এই হুমকি বার্তাটি আসে। ঘটনার গুরুত্ব বিবেচনা করে তক্ষনিক সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করা হয়।


 
অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি নিজেকে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের দলের লোক বলে পরিচয় দেয়। সে সাফ জানিয়ে দেয় যে, ৭ কোটি টাকা চাঁদা না দিলে অরবিন্দ কেজরিওয়াল এবং তাঁর মেয়ে হর্ষিতা কেজরিওয়ালকে খুন করা হবে।
এই ঘটনার পর আম আদমি পার্টির বিধায়ক জার্নাইল সিংয়ের অভিযোগের ভিত্তিতে মোহালির সাইবার ক্রাইম থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতা এবং ইনফরমেশন টেকনোলজি আইনের বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে। সাইবার ক্রাইম থানার পরিদর্শক সুনীল কুমারের ওপর এই মামলার তদন্তের দায়িত্বভার ন্যস্ত করা হয়েছে।

 
ঘটনার পর থেকেই নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসন। অভিযুক্তের মোবাইল নম্বরের কল ডিটেইলস, আইপি লগ এবং লোকেশন ডেটা পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হচ্ছে। অপরাধীর নাগাল পেতে আধুনিক প্রযুক্তির সাহায্য নিচ্ছে সাইবার সেল।
এদিকে, এই উচ্চপর্যায়ের হুমকির পর সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং তাঁর পরিবারের সদস্যদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য প্রশাসনের কাছে জোরালো আবেদন জানিয়েছেন আম আদমি পার্টির নেতারা। রাজনৈতিক মহলেও এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উদ্বেগের সৃষ্টি হয়েছে।