পুবের কলম, ওয়েবডেস্ক: রাজস্থান এবং এলাহাবাদ হাইকোর্টের ভুয়ো বা জাল নির্দেশনামা ব্যবহার করে কেন্দ্রীয় সরকারকে বিভ্রান্ত করার এবং তার ভিত্তিতে ১২৯টি ওয়েবসাইট ব্লক করানোর এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। আন্তর্জাতিক সংবাদসংস্থা রয়টার্স-এর এক অনুসন্ধানী প্রতিবেদনে এই বিস্ফোরক তথ্য উঠে এসেছে। দেখা গেছে, জালিয়াতরা আদালতের নকল সিলমোহর এবং সম্ভবত কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে দুটি ভুয়ো আদালতের রায় তৈরি করে কেন্দ্রীয় টেলিকম দপ্তরে পাঠিয়েছিল, যা যাচাই না করেই ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিকে ওই ওয়েবসাইটগুলি বন্ধের নির্দেশ দেয় কেন্দ্র।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর সরকারি স্তরে নথিপত্র যাচাইয়ের প্রক্রিয়া নিয়ে যেমন বড়সড় প্রশ্ন উঠেছে, তেমনই নড়েচড়ে বসেছে আদালত প্রশাসন।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, দুটি পৃথক ভুয়ো নির্দেশনামায় ভারতের জাতীয় প্রতীক সংবলিত নীল রঙের নকল কোর্ট সিল ব্যবহার করা হয়েছিল, যা দেখতে অবিকল আসল আদালতের নথির মতো। গত ১৯ জুলাই রাত ৮টা ৫৯ মিনিটে ‘আর্যন চৌধুরী’ নামক এক ব্যক্তির পরিচয়ে (যিনি নিজেকে 'অ্যাডভোকেট-অন-রেকর্ড' বলে দাবি করেছিলেন) টেলিকম দপ্তরে একটি ইমেল পাঠানো হয়। সেখানে রাজস্থান হাইকোর্টের একটি কথিত নির্দেশ সংযুক্ত করে ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়। এর ভিত্তিতে ২১ জুলাই টেলিকম দপ্তর ৩৪টি বেটিং ওয়েবসাইট ব্লক করার নির্দেশ দেয়। পরবর্তীতে রাজস্থান হাইকোর্ট নিশ্চিত করে যে তাদের সার্ভারে এমন কোনো নির্দেশের অস্তিত্বই নেই।
একই কায়দায় ১৪ আগস্টের তারিখ দেওয়া এলাহাবাদ হাইকোর্টের একটি ভুয়ো নির্দেশনামা দেখিয়ে ২ সেপ্টেম্বর আরও ৯৫টি জুয়া সংক্রান্ত ওয়েবসাইট ব্লক করানো হয়। এক ব্যক্তি নিজেকে আইনজীবী পরিচয় দিয়ে টেলিকম দপ্তরকে ইমেলটি পাঠিয়েছিলেন।