পুবের কলম ওয়েব ডেস্ক: আসন পুনর্বিন্যাস এবং মহিলা সংরক্ষণ বিল পাসের জন্য সংসদে দুই-তৃতীয়াংশের সমর্থন নিশ্চিত করতে পেরেছে কেন্দ্র। এবার এই বিল পাসের জন্য বিশেষ অধিবেশন ডাকা হতে পারে বলে সূত্রের খবর। সরকারিভাবে সংসদের বাদল অধিবেশন এখনও শেষ হয়নি, অন্যদিকে শীতকালীন অধিবেশনও আসন্ন। এই পরিস্থিতিতে বিলটি পাসে উঠেপড়ে লেগেছে মোদি সরকার।


১৩ আগস্ট লোকসভা ও রাজ্যসভা অনির্দিষ্টকালের জন্য মুলতবি হওয়ার পর সাধারণত তিন-চার দিনের মধ্যে তা সমাপ্ত ঘোষণা করা হয়। তবে ৮৮ দিন কেটে গেলেও বাদল অধিবেশন এখনও আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয়নি। ভারতের ইতিহাসে এত দীর্ঘ সময় ধরে অধিবেশন চলার নজির নেই। কংগ্রেস-সহ অন্যান্য বিরোধী দলগুলি বারবার অভিযোগ করে আসছিল যে, আসন পুনর্বিন্যাস বিল পাস করানোর জন্যই কেন্দ্র অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছে না।
এখন সেই আশঙ্কাই সত্যি হতে চলেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
সূত্র অনুযায়ী, গত প্রায় ৬ মাস ধরে প্রচেষ্টার পর অবশেষে সংবিধান সংশোধনের এই বিল পাসের জন্য প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশের সমর্থন জোগাড় করতে সক্ষম হয়েছে কেন্দ্র। এর আগে বিশেষ অধিবেশন ডেকে বিলটি পেশ করা হলেও, সংখ্যাগরিষ্ঠতা পেলেও দুই-তৃতীয়াংশ সমর্থন মেলেনি। এবার যাতে সেই ঘটনার পুনরাবৃত্তি না হয়, সেজন্য কোমর বেঁধে নেমেছেন বিজেপি নেতারা।
বিভিন্ন দলের সঙ্গে বৈঠকও করেছেন তাঁরা।
তবে এই তৎপরতার কড়া সমালোচনা করেছে কংগ্রেস। কংগ্রেস নেতা জয়রাম রমেশ মন্তব্য করেছেন, “কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যেন তেন প্রকারেণ দুই-তৃতীয়াংশের সমর্থন জোগাড়ের চেষ্টা করছেন। তাঁর বুলডোজার নীতি চালাতে চাইছেন। কিন্তু বিরোধীরা এই ষড়যন্ত্র সফল হতে দেবে না।” শীতকালীন অধিবেশনের আগেই এই বিশেষ অধিবেশন ডাকা হতে পারে বলে জল্পনা তুঙ্গে।