পুবের কলম ওয়েব ডেস্ক: ‘মুখ্যমন্ত্রী আবাস যোজনা’র আওতায় রাজ্যের আরও ৭ লক্ষ উপভোক্তা আগামী শুক্রবার দ্বিতীয় কিস্তির ৬০ হাজার টাকা পেতে চলেছেন। নবান্ন সভাঘর থেকে একটি অনুষ্ঠানের মাধ্যমে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই টাকা প্রদানের আনুষ্ঠানিক সূচনা করবেন।
রাজ্যে ক্ষমতায় আসার পর নতুন সরকার পূর্ববর্তী ‘বাংলার বাড়ি’ প্রকল্পের নাম পরিবর্তন করে ‘মুখ্যমন্ত্রী আবাস যোজনা’ চালু করে। এর আগে এই প্রকল্পের অধীনে ১০ লক্ষেরও বেশি উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়েছিল।
পাশাপাশি, রাজ্য সরকার আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। যাঁদের আবাস যোজনার বাড়ি তৈরির কাজ চলছে এবং বৈধ জবকার্ড রয়েছে, তাঁদের জিরামজি প্রকল্পের অধীনে সর্বাধিক ৯০ দিনের শ্রমদিবসের মজুরি দেওয়া হবে। আধিকারিকদের মতে, উপভোক্তারা নিজেদের বাড়ি তৈরির সময় যে শ্রম দেন, তার পারিশ্রমিক হিসেবে অদক্ষ শ্রমিকদের সমপরিমাণ মজুরি তাঁদের দেওয়া হবে। সম্প্রতি পঞ্চায়েত আধিকারিকদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আবাস যোজনার কাজে গতি আনার পাশাপাশি জিরামজি প্রকল্পে বেশি করে কর্মদিবস তৈরির উপর জোর দিয়েছিলেন।