পুবের কলম ওয়েব ডেস্ক: সরকারি জমি দখল করে কোনও রকম বেআইনি নির্মাণ হলে তা কড়া হাতে দমন করা হবে। বৃহস্পতিবার হাওড়ায় ছটপুজোর একটি অনুষ্ঠানে গিয়ে এই স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন তিনি ফলতার প্রাক্তন তৃণমূল নেতা জাহাঙ্গির খান এবং সন্দেশখালির শাহজাহান শেখের নাম উল্লেখ করে বলেন, সরকারি জায়গা দখল করে আলিশান অট্টালিকা বা অন্য কোনও নির্মাণ কোনওভাবেই বরদাস্ত করা হবে না।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, “কাউকে ছাড়ব না। ফলতায় দেখছেন তো, সরকারি জমিতে ১০ কোটি টাকার আলিশান বাড়ি তৈরি করেছিল, বলেছিল ‘পুষ্পা ঝুকেগা নেহি’।
উল্লেখ্য, আদালতের নির্দেশে ফলতার শ্রীরামপুরে প্রাক্তন তৃণমূল নেতা জাহাঙ্গির খানের প্রাসাদোপম বাড়ির বেআইনি অংশ ভাঙার কাজ শুরু হয়েছে। বুধবারের পর বৃহস্পতিবার সকাল থেকেও ড্রিল মেশিন ও হাতুড়ি নিয়ে বাড়ি ভাঙার কাজে নামেন কর্মীরা। প্রশাসনের কড়া নজরদারিতেই গোটা প্রক্রিয়া চলছে। অনুমোদিত নিয়ম না মেনে বাড়িটি নির্মাণ করা হয়েছিল বলে অভিযোগ ছিল। একাধিকবার নোটিস দেওয়া সত্ত্বেও কাজ না হওয়ায় শেষে আদালতের নির্দেশে বাড়িটি ভাঙা হচ্ছে। বর্তমানে জাহাঙ্গির খান জেলবন্দি রয়েছেন।
অন্যদিকে, বৃহস্পতিবার সকালে কলকাতার কালীঘাটেও বুলডোজার নামানো হয়। অভিযোগ, রাস্তা দখল করে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ১২১ নম্বর বাড়ির সামনে বেআইনি অস্থায়ী কাঠামো তৈরি করা হয়েছিল। এদিন কলকাতা পুরসভার তরফে ফুটপাথ দখলমুক্ত করার উদ্যোগ নিয়ে বাঁশ-টিনের কাঠামোর পাশাপাশি একটি লোহার গেটও কেটে সরিয়ে ফেলা হয়। এই ঘটনার পর এক্স হ্যান্ডেলে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন অভিষেক। তিনি লেখেন, “হাজার হাজার বুলডোজার নামিয়েও আমার কণ্ঠস্বর স্তব্ধ করা যাবে না, আমার অদম্য জেদ আর সংকল্পকে টলানো যাবে না।” তবে রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই বিজেপি সরকার বারবার স্পষ্ট করে দিয়েছে যে, সরকারি জায়গা দখল করে বেআইনি নির্মাণ হলে সেখানে বুলডোজার চলবে। ইতিমধ্যেই বেশ কয়েকটি জায়গায় সেই পদক্ষেপ চোখে পড়েছে।