পুবের কলম ওয়েব ডেস্ক: বিচারব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার অভিযোগে এবার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হল রাজ্য সরকার। সোমবার বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত একটি মামলার শুনানি চলাকালীন রাজ্যের তরফে এই অভিযোগ তোলা হয়। রাজ্যের দাবি, বিচারব্যবস্থাকে কালিমালিপ্ত করার জন্য সাংসদের বিরুদ্ধে ফৌজদারি আদালত অবমাননা বা ‘ক্রিমিনাল কনটেম্পট’-এর মামলা শুরু করা উচিত। রাজ্যের আইনজীবীর বক্তব্য, রাজনৈতিক লড়াই কেবল রাজনীতির ময়দানেই হওয়া উচিত, এর মধ্যে আদালতকে টেনে এনে বিচারব্যবস্থার মর্যাদা ক্ষুণ্ণ করা যায় না।
সম্প্রতি নিজের কালীঘাটের বাড়ির সামনে পুলিশি নজরদারির অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এইসব মন্তব্যের পরই চরম অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি কৃষ্ণা রাও। অত্যন্ত কড়া ভাষায় তিনি অভিষেকের আইনজীবীকে নির্দেশ দেন, কোন বিচারপতি বিজেপির সঙ্গে রয়েছেন আর কে নেই, তার একটি তালিকা তৈরি করে আদালতে জমা দিতে। বিচারপতি বলেন, সাংসদ নিজেকে অত্যন্ত বুদ্ধিমান মনে করেন, তাই তিনিই যেন এই তালিকাটি দেন। আপাতত অভিষেকের নিরাপত্তা কমানো সংক্রান্ত মূল মামলাটির রায়দান স্থগিত রেখেছে হাই কোর্ট। তবে এদিন এজলাসে বিচারপতির এই কড়া মন্তব্য রাজ্য রাজনীতিতে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।