উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় : বারুইপুরে অবৈধ অটো ও টোটোর দাপটে রুজির টান পড়েছে বৈধ অটো চালকদের। এলাকায় প্রায় ৩ হাজার অবৈধ অটো চলাচল করছে বলে অভিযোগ তুলে এবার আন্দোলনে নামলেন বৈধ অটোচালকরা। অবৈধ অটো ও টোটো চলাচল বন্ধের দাবিতে শুক্রবার বারুইপুর মহকুমাশাসকের দপ্তরের সামনে কুলপি রোড অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপির শ্রমিক সংগঠনের সঙ্গে যুক্ত অটোচালকরা।
আন্দোলনকারীদের অভিযোগ, বারুইপুর শহর ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে প্রচুর অবৈধ অটো চলাচল করছে।

পাশাপাশি নিয়মবহির্ভূতভাবে টোটো চলাচলের জেরেও বৈধ অটোচালকদের ব্যবসায় প্রভাব পড়ছে। ফলে চরম আর্থিক সমস্যার মুখে পড়তে হচ্ছে তাঁদের। এই সমস্যা নিয়ে বারবার আরটিও এবং পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনও সুরাহা মেলেনি বলে অভিযোগ বিক্ষোভকারীদের।এদিন প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে বারুইপুরের আরটিও এবং ট্রাফিক আধিকারিকের পদত্যাগের দাবিও তোলেন তাঁরা।
তাঁদের দাবি, অবিলম্বে অবৈধ অটো ও টোটো চিহ্নিত করে সেগুলির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে এবং বৈধ অটোচালকদের স্বার্থ সুরক্ষিত করতে হবে।এদিন অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বারুইপুর থানার পুলিশ। পরে পুলিশের সঙ্গে আলোচনায় বসেন আন্দোলনকারীরা। তবে দীর্ঘদিনের এই সমস্যার স্থায়ী সমাধান না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার ইঙ্গিত দিয়েছেন বিক্ষোভকারীরা। এখন দেখার, অটোচালকদের এই অভিযোগের পরিপ্রেক্ষিতে পরিবহণ দপ্তর ও পুলিশ প্রশাসন কী পদক্ষেপ গ্রহন করে।