কালীপুজো ও দীপাবলিতে বাজি পোড়ানো নিয়ে যখন পরিবেশ দূষনের প্রশ্নে দেশজুড়ে বিতর্ক চলছে, তখন উৎসবের প্রাচীন রীতিনীতির পক্ষে সওয়াল করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত। তাঁর দাবি, অতীতে বাজি তৈরিতে যে উপাদান ব্যবহার করা হতো, তা পরিবেশের জন্য ক্ষতিকর ছিল না। বরং বাজির ধোঁয়া ক্ষতিকর কীটপতঙ্গ ধ্বংস করতে সাহায্য করত। এমনকি পরিবেশকে বিশুদ্ধ রাখার ক্ষেত্রেও ভূমিকা ছিল বলে দাবি করেন তিনি। প্রাচীন ভারতীয় উৎসবের বিভিন্ন রীতির পিছনে নির্দিষ্ট বৈজ্ঞানিক যুক্তি রয়েছে বলেও মন্তব্য করেন সংঘপ্রধান।

বুধবার নাগপুরে আয়োজিত ‘দীপাবলি মিলন উৎসব’-এ বক্তব্য রাখতে গিয়ে বাজি পোড়ানোর ঐতিহ্য নিয়ে নিজের মতামত তুলে ধরেন ভাগবত। তাঁর বক্তব্য, অতীতে বাজি তৈরিতে বর্তমানে ব্যবহৃত রাসায়নিক উপাদান ব্যবহার করা হতো না।

সেই সময়কার বাজির ধোঁয়া অনেক ক্ষতিকর কীটপতঙ্গ মেরে ফেলতে সাহায্য করত। বিশেষ করে ফসল তোলার মরসুমে এর কার্যকারিতা ছিল বলে দাবি করেন তিনি।

ভাগবতের কথায়, “এখন যে ধরনের রাসায়নিক উপাদান দিয়ে বাজি তৈরি করা হয়, আগে তা হতো না। আগে বাজির ধোঁয়ায় অনেক ক্ষতিকর কীটপতঙ্গ মরে যেত। বিশেষ করে ফসল তোলার এই মরসুমে বাজি বিশেষ কার্যকর ছিল। এর মাধ্যমে পরিবেশ শুদ্ধ হতো।”

শুধু বাজি পোড়ানো নয়, কালীপুজো ও দীপাবলিতে প্রদীপ জ্বালানোর প্রথার পিছনেও বৈজ্ঞানিক যুক্তি রয়েছে বলে দাবি করেন সংঘপ্রধান।

তাঁর মতে, ঘি ও তেল দিয়ে প্রদীপ জ্বালানোর ফলে পরিবেশে বিশেষ ধরনের বায়বীয় স্তর তৈরি হয়। প্রাচীন রীতিনীতির এই তাৎপর্য বুঝে উৎসব পালন করা উচিত বলেও পরামর্শ দেন তিনি।

ভাগবতের মতে, উৎসব শুধু আনন্দ-উদযাপনের বিষয় নয়, সমাজকে প্রাণবন্ত ও ঐক্যবদ্ধ রাখারও একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। নানা বাধা ও বিরোধিতা সত্ত্বেও উৎসবের ঐতিহ্য বন্ধ করা সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি। তাঁর কথায়, “সমাজকে চাঙ্গা করে রাখে উৎসব। যে যতই চেষ্টা করুক, এগুলো বন্ধ হবে না। আমাদের শুধু সঠিক মনোভাব নিয়ে উৎসব পালন করতে হবে।

সেটাই গুরুত্বপূর্ণ।”

উল্লেখ্য, কালীপুজো ও দীপাবলিতে শব্দবাজি এবং পরিবেশদূষণকারী আতশবাজি নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলছে। দূষণ নিয়ন্ত্রণে আদালতের নির্দেশ অনুযায়ী সবুজ বাজি ব্যবহারের কথা বলা হয়েছে। কিন্তু অভিযোগ, নিষেধাজ্ঞা ও বিধিনিষেধ উপেক্ষা করে দেশের বিভিন্ন শহরে ব্যাপক হারে বাজি পোড়ানো হয়েছে। এর ফলে দিল্লি, মুম্বই-সহ একাধিক শহরে বায়ুদূষণের মাত্রা বেড়েছে।

এরই মধ্যে কালীপুজোর উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে টালিগঞ্জের বিধায়ক পাপিয়া অধিকারীর বাজি পোড়ালে অসুখ সেরে যায়—এমন মন্তব্য ঘিরেও বিতর্ক তৈরি হয়েছিল। এবার বাজি পোড়ানোর প্রাচীন রীতির পক্ষে বৈজ্ঞানিক যুক্তি তুলে ধরলেন খোদ আরএসএস প্রধান।

তবে অতীতের বাজি তৈরির উপাদান ও বর্তমান আতশবাজির রাসায়নিক গঠন এক নয়—ভাগবতের এই বক্তব্যের বৈজ্ঞানিক সত্যতা যাচাইয়ের বিষয়টি আলাদা। কারণ, বর্তমানে বাজি পোড়ানোর ফলে সৃষ্ট ধোঁয়া ও ক্ষুদ্র কণার দূষণ জনস্বাস্থ্যের জন্য উদ্বেগের কারণ হিসেবেই বিবেচিত হয়। ফলে ঐতিহ্য রক্ষার পাশাপাশি পরিবেশ ও মানুষের স্বাস্থ্যের সুরক্ষার প্রশ্নটিও সমান গুরুত্বপূর্ণ হয়ে থাকছে।