পুবের কলম ওয়েব ডেস্ক: ‘আসল তৃণমূল’ কে, তা প্রমাণ করতে নির্বাচন কমিশনে আইনি লড়াই চলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের মধ্যে। এর মাঝেই নিজেদের দলের গুরুত্বপূর্ণ নথি লোপাটের আশঙ্কা প্রকাশ করে জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার আইনজীবী অর্ককুমার নাগের মাধ্যমে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার-সহ দুই কমিশনারকে একটি চিঠি পাঠিয়েছেন অভিষেক। চিঠিতে তিনি অভিযোগ করেছেন, কমিশনে জমা দেওয়ার জন্য তাঁর দল যে সমস্ত নথি ও হলফনামা প্রস্তুত করেছে, তা লুট করার চক্রান্ত চলছে।
সম্প্রতি কালীঘাটে তাঁর বাসভবনের চারপাশে সন্দেহভাজনদের গতিবিধি নিয়ে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা প্রকাশ করে একাধিকবার এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন অভিষেক। চিঠিতেও ৬ থেকে ১১ নভেম্বর পর্যন্ত এই ধরনের সন্দেহজনক গতিবিধির কথা তুলে ধরা হয়েছে। এর মাঝেই বৃহস্পতিবার সকালে পুরসভার নির্দেশে বুলডোজার দিয়ে তাঁর বাড়ির একটি অংশ ভেঙে ফেলা হয়, যা চিঠিতে উল্লেখ করা হয়েছে বলে খবর।
উল্লেখ্য, গত মাসেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় অভিযোগ তুলেছিলেন যে, তাঁদের দলের ট্রাকভর্তি নথি হরিয়ানায় লুট হয়েছে এবং এর পিছনে কালীঘাট তৃণমূলের হাত রয়েছে। এবার পালটা নিজেদের নথি লোপাটের চক্রান্তের অভিযোগ তুলে সরাসরি কমিশনের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।