পুবের কলম, নয়াদিল্লি: বৈধ ভিসা থাকা সত্ত্বেও হায়দরাবাদে একটি সম্মেলনে যোগ দিতে ভারতযাত্রার ঠিক আগে নরওয়ের এক সাংবাদিককে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ উঠল। নরওয়েজীয় সাংবাদিক হেল্লে লিংকের দাবি, ভারতীয় দূতাবাস তাঁর যাত্রা বাতিলের কথা জানানোর পাশাপাশি তাঁকে দেশে ঢুকতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে।
সূত্রের খবর, সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং গণতন্ত্র বিষয়ক একটি আন্তর্জাতিক সেমিনারে বক্তব্য রাখার কথা ছিল নরওয়েজীয় সাংবাদিকের। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উদ্দেশ করে সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে এই চাঞ্চল্যকর অভিযোগ করেছেন ওই সাংবাদিক। তাঁর দাবি, বিদেশ থেকে সমস্ত সরকারি নিয়ম মেনে রাজনৈতিক ছাড়পত্র পাওয়ার পরেই তিনি বিমানবন্দরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।
হেল্লে লিংকের দাবি, স্বরাষ্ট্রমন্ত্রক তাঁকে ভারতে প্রবেশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং তাঁর এই সফর আটকানোর সিদ্ধান্তটি সম্পূর্ণভাবে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত। কেন তাঁকে আটকা দেওয়া হলো, তার কারণ স্পষ্ট না হলেও সাংবাদিক লিংকের ধারণা, মোদি সরকারের বিরুদ্ধে তাঁর সাম্প্রতিক প্রকাশ্য সমালোচনা এবং বিভিন্ন লেখার জন্যই এই পদক্ষেপ করা হয়েছে। তিনি উল্লেখ করেন, নরওয়ের একটি সংবাদপত্রে প্রকাশিত তাঁর সম্পাদকীয় এবং ভারতীয় পাঠকদের জন্য অনলাইনে লেখা কিছু নিবন্ধ এর পিছনে থাকতে পারে। এছাড়া প্রধানমন্ত্রী মোদির ঘনিষ্ঠ শিল্পপতি গৌতম আদানি ও মুকেশ আম্বানির ব্যবসায়িক গোষ্ঠী নিয়ে তাঁর প্রতিবেদন এবং ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)-র সঙ্গে তাঁর সাক্ষাৎকারও এই সিদ্ধান্তের কারণ হতে পারে বলে তাঁর অনুমান। এদিকে, ভারত সরকারের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছেন ওই সাংবাদিক মন্তব্য করেছেন, বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশ কী পদক্ষেপ নেয়, তা দেখার অপেক্ষা রয়েছি।