পুবের কলম, পাটনা: বিহারের বেগুসরাই জেলায় গণধর্ষণের মামলা তুলে নেওয়ার জন্য লাগাতার হুমকির মুখে পড়ে এবার ছাদ থেকে নিচে ফেলে দেওয়া হলো ৩০ বছর বয়সী এক নির্যাতিতাকে। গত ১০ নভেম্বর চকিয়া থানার অন্তর্গত সিমারিয়া ঘাট বিন্দ টোলি এলাকায় এই নৃশংস ঘটনাটি ঘটে। প্রায় ১২ থেকে ১৫ ফুট ওপর থেকে নিচে পড়ে যাওয়ায় মাথা সহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর চোট পান ওই মহিলা। নির্যাতিতার বয়ানের ভিত্তিতে ইতিমধ্যেই ভোগল কুমার ওরফে ভোগল মাহাতো নামে এক প্রতিবেশীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত আরও এক অজ্ঞাতপরিচয় অভিযুক্তের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।


 
ঘটনার পর গুরুতর আহত অবস্থায় ওই মহিলাকে বেগুসরাই সদর হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসার পর বর্তমানে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। নির্যাতিতা ও তাঁর পরিবারের নিরাপত্তা সুনিশ্চিত করতে বাড়ির বাইরে পুলিশ মোতায়েন করা হয়েছে। বেগুসরাইয়ের ডিএসপি (সদর) নিখিল কুমার জানিয়েছেন, সদর-০২ মহকুমা পুলিশ আধিকারিকের তত্ত্বাবধানে চকিয়া থানার পুলিশ পুরো ঘটনাটির তদন্ত শুরু করেছে।
 
নির্যাতিতার পরিবারের অভিযোগ, গত ১১ জুন গণধর্ষণের ঘটনার পর থেকেই অভিযুক্তদের ঘনিষ্ঠরা মামলা প্রত্যাহার এবং আপস-মীমাংসা করার জন্য তাঁদের ওপর ক্রমাগত চাপ সৃষ্টি করছিল।
নির্যাতিতার স্বামীর দাবি, লাগাতার প্রাণনাশের হুমকির বিষয়ে তাঁরা আগেও পুলিশের দ্বারস্থ হয়েছিলেন।
 
অভিযোগ অনুযায়ী, গত ১১ জুন রাতে ওই মহিলা বাড়ির বাইরে বেরোলে পাঁচজন দুষ্কৃতী তাঁর ওপর চড়াও হয়। তাঁর স্বামীকে একটি ঘরের ভেতর তালাবন্ধ করে রেখে নির্যাতিতার হাত-মুখ বেঁধে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে গণধর্ষণ ও শারীরিক নির্যাতন চালানো হয়। এই নতুন হামলার ঘটনায় বিহারের নীতীশ কুমার সরকারকে তীব্র আক্রমণ শানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা তেজস্বী যাদব। তিনি বলেন, গণধর্ষণের মতো গুরুতর অভিযোগ দায়ের করার পরেও কীভাবে একজন নির্যাতিতা লাগাতার হুমকির মুখে পড়েন এবং পুনরায় প্রাণঘাতী হামলার শিকার হন?