পুবের কলম, মুম্বই: মহারাষ্ট্রের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় মৃত্যু ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে চাঞ্চল্য ছড়াল। ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি)-র প্রধান জাতীয় মুখপাত্র উমেশ পাটিল বুধবার এক বিস্ফোরক দাবি করেছেন, অজিত দাদার মৃত্যু নিছক কোনো দুর্ঘটনা নয়, বরং এর নেপথ্যে গভীর ষড়যন্ত্র থাকতে পারে বলে তাঁর মনে হচ্ছে। শুধু তা-ই নয়, প্রয়াত নেতার স্ত্রী সুনেত্রা পাওয়ার এবং দুই পুত্র পার্থ ও জয় পাওয়ারও বিষয়টি নিয়ে অত্যন্ত সক্রিয়ভাবে পদক্ষেপ নিচ্ছেন। অন্যদিকে, এনসিপি (শরদচন্দ্র পাওয়ার) গোষ্ঠীর বিধায়ক রোহিত পাওয়ারও এই দুর্ঘটনায় অন্তর্ঘাতের সন্দেহ প্রকাশ করে আগামী ১৪ বা ১৫ নভেম্বর মুম্বইয়ে একটি বড় সাংবাদিক সম্মেলনে চাঞ্চল্যকর তথ্যপ্রমাণ পেশ করার ঘোষণা দিয়েছেন।


 
নিজের সন্দেহের কথা প্রকাশ করে উমেশ পাটিল বলেন, "আমার দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক, বিভিন্ন বিষয়ের পর্যবেক্ষণ এবং দুর্ঘটনার সময়কার ঘটনাক্রম ও সম্ভাব্য কারণগুলি বিশ্লেষণ করে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে এটি নিছক দুর্ঘটনা নয়, বরং একটি ষড়যন্ত্র।" তিনি আরও স্পষ্ট করেন যে, সঠিক মঞ্চে এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং সুনেত্রা পাওয়ার, পার্থ পাওয়ার ও জয় পাওয়ারও এই প্রচেষ্টায় যুক্ত রয়েছেন। তবে দুর্ঘটনাটির সঙ্গে একাধিক কারিগরি দিক জড়িত থাকায় সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থাগুলির চূড়ান্ত রিপোর্ট প্রকাশ না হওয়া পর্যন্ত এ বিষয়ে আর কোনো মন্তব্য করা সমীচীন হবে না বলে জানান তিনি।
 
প্রসঙ্গত, চলতি বছরের ২৮ জানুয়ারি বারামতি বিমানবন্দরের কাছে 'ভিএসআর ভেঞ্চারস লিয়ারজেট ৪৫' বিমান দুর্ঘটনায় অজিত পাওয়ারের মৃত্যুর পর থেকেই জনমনে নানা প্রশ্ন দানা বেঁধেছে।
এই আবহে এনসিপি বিধায়ক রোহিত পাওয়ার জানিয়েছেন, আগামী ১৪ বা ১৫ নভেম্বর মুম্বইয়ে তিনি বিমানটির শেষ মুহূর্তের গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ, ফোন রেকর্ড এবং কারিগরি পর্যবেক্ষণ প্রকাশ্যে আনবেন। তদন্তের ধীরগতিকে আক্রমণ করে রোহিত পাওয়ার বলেন, "মহারাষ্ট্রের ৯০ শতাংশ মানুষ সন্দেহ করেন যে অজিতদাদার মৃত্যু নিছক দুর্ঘটনা নয়, এটি একটি পরিকল্পিত ঘটনা বা 'হিট-অ্যান্ড-রান'। আমাদেরও একই মত। আমরা সন্দেহ করছি এর পেছনে অন্তর্ঘাত রয়েছে, কিন্তু ক্ষমতায় থাকা ব্যক্তিরা সেই সন্দেহ দূর করছেন না।"