পুবের কলম, নয়াদিল্লি: দেশের অন্যতম দুই ঐতিহ্যবাহী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় এবং জামিয়া মিলিয়া ইসলামিয়াকে ‘সন্ত্রাসীদের আঁতুড়ঘর’ বলে মন্তব্য করেছেন যোগীর মন্ত্রী ঠাকুর রঘুরাজ সিং। পাশাপাশি বিশ্ববিদ্যালয় দুটি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন উত্তরপ্রদেশের বিজেপি মন্ত্রী। তাঁর এই বিতর্কিত মন্তব্যের তীব্র বিরোধিতা করে বুধবার তাঁকে অবিলম্বে উত্তরপ্রদেশ মন্ত্রিসভা থেকে বরখাস্ত করে এফআইআর দায়ের করার দাবি তুলেছে ‘জম্মু অ্যান্ড কাশ্মীর স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’ (জেকেএসএ)। ছাত্র সংগঠনটির পক্ষ থেকে মন্ত্রীর এই মন্তব্যকে অত্যন্ত সাম্প্রদায়িক, দায়িত্বজ্ঞানহীন এবং উস্কানিমূলক বলে কড়া ভাষায় নিন্দা জানানো হয়েছে।


 
জেকেএসএ-এর জাতীয় আহ্বায়ক নাসির খুয়েহামি এক বিবৃতিতে জানান, এই ধরনের মন্তব্য শিক্ষাব্যবস্থাকে সাম্প্রদায়িকীকরণ করার, সমগ্র ছাত্রসমাজকে কলঙ্কিত করার এবং ভারতের জাতি গঠন ও সাংবিধানিক গণতন্ত্রে অসামান্য অবদান রাখা প্রতিষ্ঠানগুলিকে ছোট করার এক বিপজ্জনক প্রচেষ্টা। নাসির খুয়েহামি ক্ষোভ প্রকাশ করে বলেন, "এটা অত্যন্ত উদ্বেগজনক যে ভারতের শিক্ষা ক্ষেত্রের জরুরি সমস্যাগুলি সমাধান করার পরিবর্তে একজন নির্বাচিত জনপ্রতিনিধি বিশ্ববিদ্যালয়গুলিকে দানব হিসেবে তুলে ধরতে, ছাত্রছাত্রীদের সম্ভাব্য সন্ত্রাসবাদী হিসেবে দেগে দিতে এবং শুধুমাত্র নাম ও পরিচয়ের কারণে প্রতিষ্ঠানগুলি বন্ধ করে দেওয়ার হুমকি দিতে ব্যস্ত। সাম্প্রদায়িক মেরুকরণ ও নির্বাচনী রাজনীতির স্বার্থে শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে বলির পাঁঠা বানানোর অপচেষ্টা ছাড়া আর কিছুই নয়।" 
 
সংগঠনের মতে, সাংবিধানিক পদে আসীন কোনো মন্ত্রীকে তাঁর পদের অপব্যবহার করে সাম্প্রদায়িক ঘৃণা ছড়াতে এবং পড়ুয়াদের মধ্যে ভয় ও নিরাপত্তাহীনতার পরিবেশ তৈরি করতে দেওয়া যায় না।
ছাত্র সংগঠনটি জানায়, এই দুটি প্রতিষ্ঠান ভারতের স্বাধীনতা সংগ্রাম, বৌদ্ধিক জাগরণ এবং দেশ গঠনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। দশকের পর দশক ধরে এখান থেকে উঠে আসা বহু কৃতি ব্যক্তিত্ব দেশের রাজনীতি, প্রশাসন, বিজ্ঞান, ক্রীড়া ও সংস্কৃতিতে অমূল্য অবদান রেখেছেন। কারও কাছেই এই প্রতিষ্ঠানগুলির দেশভক্তি প্রমাণ করার প্রয়োজন নেই। খুয়েহামি বলেন, "ধর্মীয় পরিচয়ের নিরিখে এই প্রতিষ্ঠানগুলির ঐতিহ্যকে খাটো করা বা সেগুলিকে সন্ত্রাসবাদের কেন্দ্র বলে দেগে দেওয়া কেবল ঐতিহাসিকভাবে অসত্যই নয়, বরং ভারতের অগ্রগতিতে অবদান রাখা প্রজন্মের পর প্রজন্মের ছাত্র, শিক্ষক ও গবেষকদের প্রতি চরম অপমান। বিশ্ববিদ্যালয়গুলির মূল্যায়ন হওয়া উচিত তাদের শিক্ষার মান, গবেষণা এবং সমাজে অবদানের ভিত্তিতে—নামের সঙ্গে যুক্ত ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে নয়।"