উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় : ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাসের সঙ্গে কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার হওয়া সিভিক ভলান্টিয়ার বিকাশ সাহানির বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল পুলিশ প্রশাসন। তাঁকে সিভিক ভলান্টিয়ারের কাজ থেকে ‘ডিমোবিলাইজ’ অর্থাৎ আপাতত দায়িত্বমুক্ত করা হয়েছে। বর্তমানে তিনি তিন দিনের পুলিশি হেফাজতে রয়েছেন। পুলিশের গোপন তথ্য পাচার এবং দীর্ঘদিন ধরে ফেরার থাকা বিধায়ককে আড়াল করার অভিযোগ ঘিরে এই পদক্ষেপ বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।পুলিশ ও প্রশাসন সূত্রে খবর, বিকাশ সাহানি ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি) বিভাগে সিভিক ভলান্টিয়ার হিসেবে কর্মরত ছিলেন।

সেই সুবাদে পুলিশি অভিযান ও থানার বিভিন্ন গোপন কার্যকলাপ সম্পর্কে আগাম তথ্য জানার সুযোগ ছিল তাঁর। তদন্তকারীদের অভিযোগ, সেই তথ্য কাজে লাগিয়েই একাধিক মামলায় দীর্ঘ ১৭ দিন ধরে ফেরার থাকা বিধায়ক পরেশরাম দাসকে পুলিশের নজর এড়িয়ে আত্মগোপনে থাকতে সাহায্য করেছিলেন বিকাশ। যদিও এই অভিযোগের সত্যতা এখনও তদন্তসাপেক্ষ।উল্লেখ্য, গত সোমবার কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিধায়ক পরেশরাম দাসকে গ্রেফতার করে পুলিশ। সেই সময় তাঁর সঙ্গেই ছিলেন বিকাশ সাহানি।
বিমানবন্দর থেকেই তাঁকে আটক করা হয়। পরে গ্রেফতার করা হয় ওই সিভিক ভলান্টিয়ারকে। আদালতে পেশ করা হলে বিচারক তাঁকে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।এদিকে, প্রশাসন সূত্রে আরও জানা গিয়েছে, বিকাশ সাহানির বিরুদ্ধে ক্যানিং থানায় মারধরের একটি মামলাও ছিল। সেই মামলার সূত্রেও তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে খবর।
ফলে তাঁর বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগকে কেন্দ্র করে তদন্তের পরিধি আরও বিস্তৃত হচ্ছে।গ্রেফতারির পরই বিকাশ সাহানিকে সিভিক ভলান্টিয়ারের দায়িত্ব থেকে ডিমোবিলাইজ করার সিদ্ধান্ত নেয় পুলিশ প্রশাসন। তবে প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে, ভবিষ্যতে বিচার বিভাগীয় আদালতে মামলার বিচার চলাকালীন তিনি নির্দোষ প্রমাণিত হলে বা মামলা থেকে অব্যাহতি পেলে নিয়ম মেনে তাঁকে পুনরায় কাজে বহাল করার বিষয়টি বিবেচনা করা হতে পারে।আপাতত পুলিশি হেফাজতে রেখে বিকাশ সাহানিকে দফায় দফায় জেরা করছেন তদন্তকারীরা। বিধায়ককে আত্মগোপনে থাকতে সাহায্য করার অভিযোগের পাশাপাশি পুলিশের গোপন তথ্য পাচারের অভিযোগের পিছনে আর কারও ভূমিকা রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই ঘটনায় পুলিশ প্রশাসনের অন্দরেও শুরু হয়েছে জোর চর্চা।