উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় : পেটের তাগিদে সুন্দরবনের গভীর জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হামলার শিকার হলেন এক বৃদ্ধ মৎস্যজীবী।রয়্যাল বেঙ্গল টাইগারের আক্রমণে নিখোঁজ হয়ে গেলেন ৭০ বছরের প্রদীপ রায় ওরফে বাবু। তাঁর বাড়ি ঝড়খালির ৪ নম্বর আশ্রমপাড়া এলাকায়। গত ১০ নভেম্বর সন্ধ্যায় নেতিধোপানি সংলগ্ন জাহাজ ফোড়ন এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনার পর থেকে তাঁর কোনও সন্ধান মেলেনি। বৃহস্পতিবারও বন দফতরের কর্মীরা জঙ্গলে তল্লাশি চালিয়েও তাঁর দেহ উদ্ধার করতে পারেননি।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ৮ নভেম্বর প্রদীপ রায় কয়েকজন সঙ্গীকে নিয়ে নৌকায় করে সুন্দরবনের গভীর জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়েছিলেন। ১০ নভেম্বর সন্ধ্যায় নেতিধোপানি সংলগ্ন জাহাজ ফোড়ন এলাকার উত্তর পাড়ে তাঁরা যখন কাঁকড়া ধরছিলেন, ঠিক সেই সময় আচমকাই জঙ্গল থেকে বেরিয়ে এসে তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে একটি বাঘ। মুহূর্তের মধ্যে প্রদীপকে টেনে গভীর জঙ্গলের ভিতরে নিয়ে যায় বাঘটি।সঙ্গে থাকা অন্যান্য মৎস্যজীবীরা দূর থেকে গোটা ঘটনাটি দেখলেও বাঘের সামনে কার্যত অসহায় হয়ে পড়েন। সহকর্মীকে বাঁচানোর চেষ্টা করেও তাঁরা সফল হননি। পরে তাঁরা বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের ঘটনাটি জানান।আর এই খবর গ্রামে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন।ঘটনার খবর পেয়ে তদন্তে নামে ঝড়খালি কোস্টাল থানার পুলিশ এবং বন দফতরের আধিকারিকরা। বৃহস্পতিবারও জঙ্গলে তল্লাশি চালানো হয়।কিন্তু এখনও পর্যন্ত প্রদীপ রায়ের কোনও সন্ধান মেলেনি।এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে সুন্দরবনের মৎস্যজীবীদের জীবিকা ও নিরাপত্তার প্রশ্ন সামনে এসেছে। মৎস্যজীবীদের পাশে থাকা সংগঠন এপিডিআর দ্রুত মৃতের পরিবারের পাশে দাঁড়ানো, আর্থিক ক্ষতিপূরণ এবং সুন্দরবনের মৎস্যজীবীদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করার দাবি জানিয়েছে।
এপিডিআরের দাবি, সুন্দরবনের বহু মানুষ জীবিকার তাগিদে ঝুঁকি নিয়ে গভীর জঙ্গলে মাছ ও কাঁকড়া সংগ্রহ করতে যান। বিকল্প কর্মসংস্থানের সুযোগ না থাকায় বৃদ্ধ বয়সেও সংসার চালানোর জন্য জঙ্গলে যেতে বাধ্য হচ্ছেন প্রদীপ রায়ের মতো মৎস্যজীবীরা। তাই শুধু ক্ষতিপূরণ নয়, তাঁদের জীবিকার স্থায়ী বিকল্পের ব্যবস্থাও করা প্রয়োজন।
বৃহস্পতিবার এপিডিআরের দক্ষিণ ২৪ পরগনা জেলার সহ-সম্পাদক মিঠুন মণ্ডল বলেন, "সরকারের অবিলম্বে এই মানবিক বিষয়গুলির দিকে নজর দেওয়া উচিত। বাঘের আক্রমণে মৃত ও আহত মৎস্যজীবীদের পরিবারকে আর্থিক সাহায্য দিতে হবে। পাশাপাশি সুন্দরবনের মৎস্যজীবীদের জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।"তবে এ বিষয়ে বন দফতরের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। একদিকে প্রিয়জনের ফিরে আসার অপেক্ষায় পরিবার, অন্যদিকে জীবিকার তাগিদে জঙ্গলে যাওয়া মানুষের নিরাপত্তা নিয়ে ফের উঠছে প্রশ্ন।