ডাকঘরের সঞ্চয় প্রকল্পে গ্রাহকদের জন্য এবার ই-কেওয়াইসি বাধ্যতামূলক করল কেন্দ্রীয় সরকার। রেকারিং ডিপোজিট, পিপিএফ, সুকন্যা সমৃদ্ধি, মান্থলি ইনকাম স্কিম (এমআইএস), সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম, ফিক্সড ডিপোজিট, কিষাণ বিকাশপত্র, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (এনএসসি) থেকে শুরু করে পোস্টাল সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট—কোনও প্রকল্পই এই নির্দেশের বাইরে থাকছে না। যেসব গ্রাহকের অ্যাকাউন্টে এখনও ই-কেওয়াইসি সম্পন্ন হয়নি, তাঁদের দ্রুত প্রক্রিয়াটি শেষ করতে হবে। পাশাপাশি অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল নম্বর যুক্ত করাও বাধ্যতামূলক করা হয়েছে।
আরও পড়ুন:
ডাক বিভাগের আর্থিক সার্কলগুলিকে পাঠানো নির্দেশিকায় বলা হয়েছে, যেসব সিআইএফ (কাস্টমার ইনফরমেশন ফাইল)-এ এখনও ই-কেওয়াইসি হয়নি, সেগুলি চিহ্নিত করে দ্রুত কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। যে অ্যাকাউন্টগুলিতে মোবাইল নম্বর লিঙ্ক করা নেই, সেগুলিতেও নম্বর যুক্ত করতে হবে।
আরও পড়ুন:
ডাক বিভাগের পরিসংখ্যান বলছে, এই নির্দেশ কার্যকর করার ক্ষেত্রে বড়সড় ঘাটতি রয়েছে। সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট সিআইএফ-এর সংখ্যা প্রায় ২২.৯৪ কোটি। অথচ তার মধ্যে ই-কেওয়াইসি সম্পন্ন হয়েছে মাত্র ২০.২৯ লক্ষ ফাইলে। অর্থাৎ মোট সিআইএফ-এর মাত্র ০.৮৮ শতাংশে এই প্রক্রিয়া শেষ হয়েছে। অন্যদিকে, ২২.৯৪ কোটি সিআইএফ-এর মধ্যে মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে প্রায় ১৫.০৪ কোটিতে।
আরও পড়ুন:
পশ্চিমবঙ্গের ছবিও খুব একটা আশাব্যঞ্জক নয়।
রাজ্যে মোট সিআইএফ-এর সংখ্যা প্রায় ১.৬৯ কোটি। এর মধ্যে ই-কেওয়াইসি সম্পন্ন হয়েছে মাত্র ৩৬ হাজার ফাইলে। অর্থাৎ এই ক্ষেত্রেও রাজ্যে কাজের পরিমাণ অনেকটাই বাকি। তবে মোবাইল নম্বর লিঙ্কের ক্ষেত্রে বাংলার পরিস্থিতি তুলনামূলকভাবে ভালো। রাজ্যের ১.৬৯ কোটি সিআইএফ-এর মধ্যে প্রায় ১.৩১ কোটিতে মোবাইল নম্বর যুক্ত রয়েছে।ডাক বিভাগের বক্তব্য, ই-কেওয়াইসি এবং মোবাইল নম্বর লিঙ্ক না থাকলে অ্যাকাউন্টে প্রতারণা, ভুল লেনদেন কিংবা সন্দেহজনক আর্থিক কার্যকলাপ শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
পাশাপাশি গ্রাহকরাও সময়মতো এসএমএস, ওটিপি এবং অ্যাকাউন্ট সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পান না। এই সমস্যা দূর করতেই দেশজুড়ে ই-কেওয়াইসি ও মোবাইল নম্বর সংযুক্তিকরণের কাজ দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে।আরও পড়ুন:
তবে ডাকঘরের কর্মীদের একাংশের মতে, বাস্তবে এই কাজ সম্পন্ন করা সহজ হবে না। বহু পুরনো অ্যাকাউন্টে আধার, ঠিকানা কিংবা মোবাইল নম্বরের তথ্য হালনাগাদ নেই। গ্রামীণ এলাকার অনেক গ্রাহক বয়স্ক হওয়ায় ডাকঘরে গিয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতেও সমস্যায় পড়তে পারেন। আবার অনেকেই মোবাইল নম্বর পরিবর্তন করলেও ডাকঘরকে তা জানাননি।