পুবের কলম, ওয়েবডেস্ক: বাংলাদেশে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় মিধিলা।  বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬৫-৭৫ কিমি।  শুক্রবার ৮৫ কিলোমিটার পর্যন্ত বেগে ঝোড়ো হাওয়া বয়ে চলেছে। ঘূর্ণিঝড় ‘হামুণ’এর আঘাতের ২৩ দিনের মাথায় বৃহস্পতিবার রাতভর উপকূলে মাঝারী থেকে ভারী বর্ষণের পরে সকাল থেকে বরিশাল সহ দক্ষিণ উপকুল জুড়ে মিধিলা’র প্রভাবে ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে। বরিশাল মহানগরী সহ দক্ষিণাঞ্চলের বেশিরভাগ এলাকাই বিদ্যুৎ শূন্য।

বরিশাল সহ সমগ্র দক্ষিণাঞ্চলের সাথে সারা দেশের নৌযোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। দূর্যোগ মোকাবেলায় পায়রা বন্দর ও খুলনা শিপইয়ার্ড সব ধরনের সতর্কতা মূলক প্রস্ততি সম্পন্ন করে রেখেছে। দূর্যোগপূর্ণ আবহায়ায় অনেক যাত্রীই যাত্রা বাতিল করেছেন বলে বিমান বন্দর সূত্রে জানা গেছে। ঘূর্ণিঝড়টির প্রভাবে সমগ্র দক্ষিণাঞ্চল যুড়ে দূর্যোগপূর্ণ আবহাওয়া অব্যাহত রয়েছে। মিধিলার হানায় কৃষিজমির ব্যাপক ক্ষতির আশঙ্কা।

মৌসম বিভাগ জানিয়েছে আগামী ২৪ ঘণ্টার মধ্যে পশ্চিমবঙ্গ সহ উত্তর পূর্ব রাজ্যগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বেশ কিছু জেলায় বন্যার সতর্কতা জারি করা হয়েছে। উপকূলবর্তী এলাকা সহ উত্তর ২৪ পরগনা সহ রাজ্যগুলির মধ্যে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরায় ভারী বৃষ্টি হতে পারে। শনিবার পর্যন্ত দক্ষিণ অসম এবং পূর্ব মেঘালয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলবর্তী এলাকায় ভারী বৃষ্টিপাতে সম্ভাবনা। বাংলাদেশের দক্ষিণাঞ্চলেও একই ধরনের সতর্কতা জারি করা হয়েছে।